বাঁধে আশ্রিতদের মানবেতর জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হামরা কি অবস্থাত থাকপানছি, পানির উপর ভাসপানছি (আমরা কী অবস্থায় আছি এবং পানির ওপর ভাসছি) তা কেউ দেখপার আসে না। আট-নয় দিন হলো বাড়িঘর ছাইড়া বাঁধোত আইসা থাকছি। কোনোদিন খাবার খাওছি কোনোদিন উপোস থাকছি।’ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নিজকর্নিবাড়ি বাঁধে আশ্রয় নেওয়া গৃহবধূ গোলাপী বেগম (৪৫) ক্ষোভের সঙ্গে গতকাল বুধবার এ কথা বলেন। গোলাপীর মতো নিজকর্নিবাড়ি গ্রামের প্রায় ৬০০ পরিবারের দুই হাজার বন্যাদুর্গত মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছে। নিজকর্নিবাড়ি গ্রামের সমেতন বেওয়া (৫৭) তাঁর চার নাতনিকে নিয়ে বাঁধে আশ্রয় নিয়েছেন। তিনি জানান, দিনে বাঁধের ওপর থাকি, রাতে ঘরে গিয়ে চৌকির ওপর থাকতে হয়। গ্রামের মোকছেদ আলী বলেন, ‘নদী ভাংতি ভাংতি হামাগোরে সব শেষ। এখন পর্যন্ত চারবার ভাঙ্গনে বাড়িঘর চলে গেছে। নিজ কর্নিবাড়ি পুরান বাঁধ ভাঙ্গি যাবার পর তাগোরে দুঃখ আরও বাড়িছে। এখন গাও-গ্রামে কোনো কাম নাই। ধার-দেনা করি কোনোরকমে দিন চলছে।’ বাঁধে আশ্রয় নেওয়া মানুষের বড় সমস্যা হচ্ছে খাবার পানি। সরকার থেকে কোনো সাহায্য এখনো মোকছেদরা পাননি। নিজকর্নিবাড়ির পাশেই কাশিয়াহাটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যাদুর্গত মানুষ আশ্রয় নিয়েছে। এই বিদ্যালয়ে ১৩টি পরিবার মানবেতর দিন কাটাচ্ছে। যমুনার পানি বাড়তে থাকায় জেলার সারিয়াকান্দি ও ধুনট উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সারিয়াকান্দি উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নই যমুনার মধ্যে। ফলে যমুনার চরাঞ্চলে ৪৪টি গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকার কিছু মানুষ ঘরবাড়ি ছেড়ে বাঁধে আবার কেউ বন্যা আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠেছে। বোহাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুস সাত্তার জানান, চার দিন ধরে তাঁর ইউনিয়নের শংকরপুর গ্রামে ৫০টি পরিবার ঘরের মধ্যে মাচা বানিয়ে দিন পার করছে। চরাঞ্চলের চালুয়াবাড়ি, কাজলা, কর্নিবাড়ি, বোহাইল, হাটশেরপুর, চন্দনবাইশা, কুতুবপুর ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের গ্রামগুলো প্লাবিত হয়েছে। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিজিৎ রায় বলেন, নিজকর্নিবাড়িতে বাঁধে যারা আশ্রয় নিয়েছে তারা পুরান বাঁধ এলাকার। পুরান বাঁধ এলাকায় বিকল্প বাঁধ দেওয়া হলেও তারা আগের জায়গায় রয়েছে।