বাঁধে উৎকট গন্ধ, মাস্ক বিতরণ
চট্টগ্রাম নগরের মহেশখালে বাঁধ নির্মাণের কারণে এলাকায় উৎকট গন্ধ ছড়াচ্ছে। এ কারণে এলাকার একটি মসজিদের মুসল্লিদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার মহেশখাল বাঁধসংলগ্ন নগরের ৩৭ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া বায়তুন নূর জামে মসজিদের প্রায় ৫০০ মুসল্লির মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
গতকাল জুমার নামাজের পর সচেতন নাগরিক সমাজের ব্যানারে মাস্ক বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম। আরও উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. ইলিয়াছ, ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান, সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক মোহাম্মদ হোসেন ও সদস্যসচিব হাবিব শরীফ প্রমুখ।
খোরশেদ আলম বলেন, মহেশখালে অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে খালসংলগ্ন পাঁচটি ওয়ার্ডের মানুষ দুর্ভোগের মধ্যে আছে। বাঁধসংলগ্ন নাগরিকেরা উৎকট গন্ধে টিকতে পারছে না। আগামী বর্ষার আগে বাঁধ সরিয়ে নেওয়ার দাবি জানান তিনি।