বাঁধে ভাঙন, হুমকির মুখে কুয়াকাটা
পর্যটনকেন্দ্র কুয়াকাটার খাজুরা এলাকায় বেড়িবাঁধ ভাঙনের কবলে পড়েছে। জোয়ারের সময় বঙ্গোপসাগরের ঢেউ আছড়ে পড়ছে বাঁধে। ঝঁকিপূর্ণ এ বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকার জনবসতি ও ফসলি জমি প্লাবিত এবং কুয়াকাটার সৌন্দর্যহানির আশঙ্কা করছেন এলাকাবাসী। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে পর্যটনকেন্দ্র কুয়াকাটা। এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কলাপাড়া কার্যালয় সূত্র জানায়, সত্তরের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির পর ধাপে ধাপে কলাপাড়ায় ১৩টি পোল্ডারে ৪০৫ কিমি বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ করা হয়। বর্তমানে সাগরের পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। এ ছাড়া বৈরী আবহাওয়া, অমাবশ্যা-পূর্ণিমার প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠে। প্রবল জোয়ারের চাপ ও ঢেউয়ের থাবায় কুয়াকাটা থেকে চার কিলোমিটার পশ্চিমে খাজুরা এলাকায় এই বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এলাকার লোকজন তাই চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান বারেক মোল্লা জানান, বেড়িবাঁধটি এখন চরম হুমকির মুখে। এই বাঁধ ভেঙে গেলে খাজুরা এলাকাসহ পশ্চিম কুয়াকাটা, মাঝিপাড়া, পশ্চিম খাজুরা, ফাঁসিপাড়া, নাইয়রিপাড়া ও শরীফপুরসহ ইউনিয়নের প্রায় অর্ধেক এলাকা প্লাবিত হবে। কুয়াকাটায় পর্যটনশিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। এলাকার কৃষিকাজেও মারাত্মক বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। খাজুরা এলাকার শরিফপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ অলিউল্লাহ বাঁধসংলগ্ন এলাকায় ১৫ একর জমিতে ধান চাষ করেছেন। তিনি জানান, সাগরের উত্তাল ঢেউ বাঁধে যেভাবে আছড়ে পড়ছে তাতে বাঁধ ভেঙে গেলে জমি তলিয়ে যাবে। সর্বস্বান্ত হবেন তিনি। শরিফপুর গ্রামের হাবিব শরীফ জানান, ৫০ হাজার টাকা ঋণ নিয়ে তিনি পাঁচ একর জমিতে ধানের আবাদ করেছেন। বাঁধ ভেঙে গেলে তাঁর সব শেষ হয়ে যাবে। খাজুরা এলাকার আলী হোসেন জোমাদ্দার জানান, তিনি এবার ১০ একর জমিতে ধান চাষ করে ঝুঁকিপূর্ণ বাঁধের কারণে আতঙ্কে আছেন। বাঁধ ভেঙে ফসল ও বাড়িঘর প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তিনি। কুয়াকাটা হোটেল-মোটেল রিসোর্স অ্যান্ড উইনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান খান জানান, খাজুরা এলাকার বেড়িবাঁধ এখন ভাঙনকবলিত। জোয়ারের তোড়ে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে খাজুরা এলাকা। এর প্রভাব পর্যটননির্ভর ব্যবসার ওপর পড়বে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিরুত্তম কুমার সরকার জানান, খাজুরা পয়েন্টে বাঁধ ভেঙে গেলে ওই এলাকার অন্তত এক হাজার হেক্টর জমির রোপা আমনের ক্ষতির আশঙ্কা রয়েছে। পাউবো, কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান জানান, খাজুরা এলাকার ৪৮ নম্বর পোল্ডারের বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভাঙনকবলিত। সিসি ব্লক ফেলে প্রতিরক্ষার কাজ চলছে। ভাঙন ঠেকাতে পাউবো যথাযথ পদক্ষেপ নিচ্ছে।