
উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিভিন্ন স্থানে বন্যানিয়ন্ত্রণ বাঁধে দেখা দিয়েছে ভাঙন। গাইবান্ধায় চারটি উপজেলার বেশ কিছু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। বগুড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠান। সিরাজগঞ্জে শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। সেখানে ধসের আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। উপদ্রুত এলাকাগুলোতে সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির।
গতকাল মঙ্গলবার সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা তথ্যকেন্দ্র জানায়, গতকাল সকাল ছয়টায় গাইবান্ধায় ঘাঘট নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার, সারিয়াকান্দিতে যমুনা ৩৯ সেন্টিমিটার ও বাঘাবাড়ীতে আত্রাই নদীর পানি ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আগামী ৭২ ঘণ্টায় প্রধান নদনদীগুলোর পানি আরও বাড়তে পারে।
গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার আরও আটটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এ নিয়ে গত কয়েক দিনে বন্যায় উপজেলাগুলোর ১৮টি ইউনিয়ন প্লাবিত হলো। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ২৫ হাজার পরিবার। গতকাল যমুনার পানির চাপে সাঘাটা উপজেলার মুন্সিরহাট এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের অন্তত ৫০ ফুট অংশ ভেঙে গেছে। স্থানীয় জনগণকে নিয়ে প্রশাসন বালুর বস্তা ও গাছের ডাল ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। ঘাঘট নদীর পানি বেড়ে দশানি এলাকায় গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ২০০ ফুটও এখন হুমকির মুখে পড়েছে।
বগুড়ায় যমুনার তীর ও চরাঞ্চলের অর্ধশত গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্ধ রয়েছে সারিয়াকান্দি উপজেলার ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান। বুকপানিতে তলিয়ে আছে চন্দনবাইশা ডাকবাংলোপাড়া ও ঘুঘুমারি গ্রামের প্রায় এক হাজার বসতবাড়ি। পাঁচ দিন ধরে এসব বাড়িতে চুলা জ্বলছে না। নেই খাওয়ার পানি। তলিয়ে গেছে টিউবওয়েল। লোকজন ছুটছেন বেড়িবাঁধ ও উঁচু সড়কে। খাবার, পানি ও ওষুধের অভাবে দুর্ভোগের শেষ নেই সেখানেও। একই রকম চিত্র পার্শ্ববর্তী রোহদহ, বয়রাকান্দি, ধলিরকান্দি, ইছামারা, কর্ণিবাড়ি গ্রামেও।
গতকাল সকালে ভেলায় চড়ে চন্দনবাইশা ডাকবাংলোপাড়া ও ঘুঘুমারি গ্রামে গিয়ে দেখা যায়, চারদিকে পানিতে তলিয়ে আছে বাড়িঘর। স্রোতে ভেসে যাচ্ছে বসতবাড়ির ব্যবহার্য সব সামগ্রী। ছানাউল হক (৫০) নামের এক ব্যক্তি বলেন, ‘চাল-ডাল কেনার কিছু টাকাপয়সা হাতে আছে; কিন্তু খাওয়ার পানি নাই। এ বাঁধত কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছে, একটা টিউবওয়েল নাই। মেম্বার-চেয়ারম্যান কেউ খোঁজখবর নিচ্ছে না।’ চন্দনবাইশা ডাকবাংলোপাড়ার সুমি বেগম দুই শিশুপুত্রকে নিয়ে উঠেছিলেন ডাকবাংলো সড়কে। সড়কেরই এক পাশে পাতা একটি চৌকি থেকে গতকাল সকালে সবার অজান্তে আট মাসের শিশু আল সাকিন পানিতে পড়ে মারা গেছে।
ধুনট উপজেলায়ও যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ১১টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে আছে। গত সোমবার সকালে উপজেলার বন্যানিয়ন্ত্রণ বাঁধের বানিয়াজান ১৫০ মিটার স্পারের ৫০ মিটার বিলীন হয়ে গেছে। গতকাল সকাল থেকে পাউবোর কর্মকর্তারা বালুর বস্তা ফেলে বাকিটুকু রক্ষার চেষ্টা করছেন।
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্টে পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেকোনো মুহূর্তে বাঁধে ধস নামার আশঙ্কা করছেন শহরবাসী। এরই মধ্যে বন্যায় সদর উপজেলার সাতটি, কাজীপুর উপজেলার ১০টি ও শাহজাদপুর উপজেলার চারটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে এসব গ্রামের লক্ষাধিক পরিবার।
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনার তীব্র ভাঙন শুরু হয়েছে। হুমকিতে পড়েছে তারাকান্দি-ভুয়াপুর সড়কবাঁধ। এটি রক্ষা করা না গেলে যমুনা সার কারখানা থেকে উত্তরবঙ্গের ১৬ জেলায় সড়কপথে সার পরিবহন বন্ধ হয়ে যাবে। গত ২৪ ঘণ্টায় প্রায় দুই হাজার হেক্টর রোপা আমন ধানখেত তলিয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান বলেন, বাঁধটি রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হয়েছে। মাদারগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলায় তিন শতাধিক একর জমির ফসল তলিয়ে গেছে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খালভাঙ্গা এলাকায় ভোগাই নদীর দুটি অংশে ২০০ মিটার বাঁধ ভেঙে এসব স্থান দিয়ে প্রবলবেগে পানি ঢুকছে। খালভাঙ্গার সঙ্গে উপজেলার যোগাযোগের একমাত্র বাঁশের সাঁকোও ভেসে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে দেড় হাজার পরিবার। পৌরসভার মেয়র আনোয়ার হোসেন বলেন, ‘বাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এলাকাবাসী মাটি না দেওয়ায় সংস্কার করা সম্ভব হয়নি। আশা করি, দ্রুত একটা ব্যবস্থা করতে পারব।’
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ; বগুড়া অফিস এবং গাইবান্ধা, ধুনট (বগুড়া), সরিষাবাড়ী ও মাদারগঞ্জ (জামালপুর) এবং নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি]