বাঁধে ভাঙন, ঝুঁকিতে বায়ুবিদ্যুৎকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার তাবলেরচর গ্রামে স্থাপিত বায়ুবিদ্যুৎকেন্দ্রের পাশে বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। এতে ঝুঁকিতে পড়েছে কেন্দ্রটি। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার তাবলেরচর গ্রামে স্থাপিত বায়ুবিদ্যুৎকেন্দ্রের পাশে বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। এতে ঝুঁকিতে পড়েছে কেন্দ্রটি। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ঝুঁকির মুখে পড়েছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেরচর গ্রামের বায়ুবিদ্যুৎকেন্দ্র।
তাবলেরচরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের পাশে প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে পৃথক দুটি বায়ুবিদ্যুৎকেন্দ্র। গত বছরের ২৫ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে কেন্দ্রগুলোর পাশের বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়।
বায়ুবিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, ভাঙা বেড়িবাঁধের সংস্কার না হওয়ায় কেন্দ্রটি ঝুঁকির মধ্যে রয়েছে। সাধারণত এপ্রিলের পর সাগর উত্তাল হয়ে পড়ে। এ সময় দেখা দেয় নানা প্রাকৃতিক দুর্যোগ। তখন অবশিষ্ট বেড়িবাঁধ তলিয়ে যেতে পারে। প্লাবিত হতে পারে বায়ুবিদ্যুৎকেন্দ্রটিও।
গত ২৪ জানুয়ারি কেন্দ্রটি পরিদর্শন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ভাঙা বেড়িবাঁধ দ্রুত সংস্কারের জন্য পাউবোকে তাগাদা দেওয়া হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সূত্র জানায়, ২০০৬-০৭ অর্থবছরে তাবলেরচর গ্রামের বেড়িবাঁধের পাশে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় ১ হাজার কিলোওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি বায়ুবিদ্যুৎকেন্দ্র। ২০১০ সালের অক্টোবর মাসে ঝড়-জলোচ্ছ্বাসে কেন্দ্রের পাশের দুই কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়। তখন জোয়ারে কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়। নষ্ট হয় যন্ত্রপাতিসহ অসংখ্য টারবাইন (বায়ুকল বা বিদ্যুৎ উৎপাদনের জন্য খুঁটিসংবলিত পাখা)। এরপর কয়েক বছর বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকে। ২০১৫ সালে প্রায় ৩৬ কোটি টাকা খরচ করে সংস্কার করা হয় ভাঙা বেড়িবাঁধ। এরপর অচল কেন্দ্রটি সচল করা হয়। ২০১৬ সালে এই কেন্দ্রের পাশে ২৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হয় আরেকটি বায়ুবিদ্যুৎকেন্দ্র।
গতকাল শুক্রবার সকালে কেন্দ্র এলাকা ঘুরে দেখা যায়, বাতাসে ঘুরছে ৫০ মিটার উঁচু অর্ধশতাধিক টারবাইন। পাখা থেকে উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণের জন্য বেড়িবাঁধের পাশে তৈরি পৃথক দুটি ভবনে স্থাপন করা হয়েছে কয়েক শ ব্যাটারি। ব্যাটারি থেকে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে আশপাশের বাড়িতে।
সরেজমিনে কেন্দ্রের পাশে (উত্তর-দক্ষিণ দিকে) নির্মিত বেড়িবাঁধের অন্তত সাতটি অংশে ভাঙা দেখা গেছে। বেড়িবাঁধের কিছু অংশ থেকে সিসি ব্লক সরে গেছে।
বায়ুবিদ্যুৎকেন্দ্রের কর্মীরা বলেন, বেড়িবাঁধের ভাঙা অংশ সংস্কার না হলে আগামী বর্ষা মৌসুমে সমুদ্রের জোয়ারে পুরো বেড়িবাঁধ বিলীন হয়ে যেতে পারে। তখন বায়ুবিদ্যুৎকেন্দ্রসহ আশপাশে আটটি গ্রামের শত শত ঘরবাড়িও তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বায়ুবিদ্যুৎকেন্দ্র দুটি থেকে উৎপাদিত বিদ্যুৎ আশপাশের ৫৫০ জন গ্রাহককে সরবরাহ করা হয়। বিদ্যুৎ সরবরাহ করা হয় বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত। ৭০টি টারবাইনে (পুরোনো কেন্দ্রে ৫০টি ও নতুনটিতে ২০টি) দৈনিক বিদ্যুৎ উৎপাদিত হয় ১ মেগাওয়াট করে।
কেন্দ্রের ব্যবস্থাপক মো. সাবুল ইসলাম বলেন, বিদ্যুৎকেন্দ্রের পাঁচ গজ দূরে বেড়িবাঁধ। পূর্ণিমার জোয়ারের পানি যখন বেড়িবাঁধে আছড়ে পড়ে, তখন কর্মচারীদের আতঙ্কে থাকতে হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, আগামী এপ্রিলের আগে ভাঙা বেড়িবাঁধ সংস্কার না করলে কেন্দ্রটি ঝুঁকির মুখে পড়বে।
কেন্দ্রের দায়িত্বে থাকা বিউবোর নবায়নযোগ্য জ্বালানি এবং গবেষণা ও উন্নয়ন পরিদপ্তরের পরিচালক প্রকৌশলী নাজমুল হক বলেন, বর্ষার আগে ভাঙা বাঁধ সংস্কার না হলে কেন্দ্রটি ঝুঁকিতে পড়বে। এ ব্যাপারে পাউবোকে চিঠি দেওয়া হচ্ছে।
বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পাউবোর বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম শেখ বলেন, বায়ুবিদ্যুৎকেন্দ্রের পাশের ভাঙা বেড়িবাঁধ সংস্কারের জন্য প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এখন দরপত্র আহ্বান করা হবে। তিনি বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই ভাঙা বেড়িবাঁধ সংস্কার করা হবে।