বাঁধে ভাঙন, ঝুঁকিতে লেবুখালী ফেরিঘাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীর দক্ষিণ পাড়ে লেবুখালী ফেরিঘাট এলাকার প্রতিরক্ষা বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারণে ইতিমধ্যেই ফেরিঘাটের দুই দিকের প্রায় ৫০০ মিটার বাঁধের ব্লক নদীতে বিলীন হয়ে গেছে। এ কারণে এক সপ্তাহ ধরে বাঁধ এলাকার পাঁচটি গ্রামের মানুষ চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
স্থানীয় লোকজন জানান, জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করা না হলে লেবুখালী ফেরিঘাট নদীগর্ভে বিলীন হয়ে পটুয়াখালী-বরিশাল সড়ক যোগাযোগ ব্যাহত হবে। বাঁধের ভেঙে যাওয়া পয়েন্টগুলোতে জোয়ারের পানি ঢুকে লেবুখালী, মোল্লাখালী, মরিচের খাল, আলগী ও পাঙ্গাশিয়া গ্রামের ফসলি জমিতে প্লাবন দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পটুয়াখালী কার্যালয় সূত্র জানায়, দুমকি উপজেলায় পায়রা নদীর অব্যাহত ভাঙনে লেবুখালী ফেরিঘাট, বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান ও এলাকার বসতবাড়ি, ফসলি জমি রক্ষায় লেবুখালীতে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করে পাউবো। ১৯৮৪-৮৫ অর্থবছরে পাউবো ফেরিঘাটের পূর্ব দিকে ২০০ মিটার ও পশ্চিম দিকে এক হাজার মিটার ব্লক দিয়ে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে। ২০০৭ সালে সিডর, ২০০৯ সালে আইলা এবং বর্ষা মৌসুমে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে প্রবল স্রোতে বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দেয়। ২০১২-২০১৩ অর্থবছরে লেবুখালী প্রতিরক্ষা বাঁধে ভাঙন ঠেকাতে ১৯ লাখ টাকা ব্যয়ে নদীতে জিউ ব্যাগ (বালুর বস্তা) ফেলা হয়।
জানা গেছে, নদীর জোয়ার-ভাটার তীব্র স্রোতে গত এক সপ্তাহ ধরে ফেরিঘাটসংলগ্ন বাঁধের পূর্ব ও পশ্চিম দিকের দুটি পয়েন্টে ভাঙনে ৫০০ মিটারের বেশি এলাকায় পানি ঢুকছে।
গত শুক্রবার সরেজমিন গেলে লেবুখালী গ্রামের আনোয়ার হোসেন ফরাজী বলেন, পায়রা নদীর লেবুখালী অংশ এমনিতেই ভাঙনকবলিত। এ ছাড়া ওই প্রতিরক্ষা বাঁধ নির্মাণকালে দায়সারাভাবে ব্লক ফেলা হয়। ফলে স্রোতের কারণে বাঁধের নিচের অংশের ব্লক সরে গিয়ে ধস নেমেছে। বালুর বস্তা ফেলেও ভাঙন ঠেকানো যাচ্ছে না। জরুরি ভিত্তিতে মেরামত না হলে বাঁধের আরও বড় অংশ নদীগর্ভে বিলীন হবে। এ অবস্থায় বসতবাড়ি ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
লেবুখালী ফেরিঘাটের বাসিন্দা দেলোয়ার আকন বলেন, অন্য বছরের তুলনায় এবার ভাঙনের তীব্রতা অনেক বেশি। বাঁধে ভাঙনের কারণে স্থানীয় লোকজনের ঘুম চলে গেছে।
লেবুখালী ইউনিয়নের সাবেক সদস্য দেলোয়ার হোসেন মোল্লা বলেন, বাঁধ ভেঙে লেবুখালী ফেরিঘাটের ক্ষতি হলে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কে যোগাযোগ ব্যাহত হবে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, প্রতিরক্ষা বাঁধে ভাঙনে ফেরিঘাটে পন্টুনের নিচ থেকে মটি সরে যাচ্ছে। এতে ঘাটটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।
পাউবো পটুয়াখালীর উপসহকারী প্রকৌশলী আবু বকর ভূঁইয়া বলেন, পায়রা নদীর গভীরতা ও তীব্র স্রোতের কারণে লেবুখালী প্রতিরক্ষা বাঁধে আগেই ভাঙন দেখা দেয়। গত বছর বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর ব্যবস্থা করা হয়েছিল। তবে এ বছর এক সপ্তাহ ধরে নদীতে পানির অস্বাভাবিক বৃদ্ধি ও জোয়ার-ভাটার কারণে অন্তত ৫০০ মিটার এলাকা নতুন করে ভেঙে গেছে। স্থায়ীভাবে বাঁধ নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।