বাঁধে ভাঙন, ঝুঁকিতে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনু নদের প্রতিরক্ষা বঁাধ ভাঙনের কবলে পড়ায় শমশেরনগর-চাতলাপুর স্থল শুল্কস্টেশন সড়কের মনু সেতু ঝুঁকির মুখে পড়েছে। ছবিটি গত শুক্রবার তোলা l প্রথম আলো
মনু নদের প্রতিরক্ষা বঁাধ ভাঙনের কবলে পড়ায় শমশেরনগর-চাতলাপুর স্থল শুল্কস্টেশন সড়কের মনু সেতু ঝুঁকির মুখে পড়েছে। ছবিটি গত শুক্রবার তোলা l প্রথম আলো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে মনু নদের প্রতিরক্ষা বাঁধ ভাঙনের কবলে পড়ায় ঝুঁকির মুখে পড়েছে শমশেরনগর-চাতলাপুর স্থল শুল্কস্টেশন সড়কের মনু সেতুটি। বাঁধের ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানির তোড়ে সেতুটির উত্তর-পূর্ব দিকের অংশ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
সেতু ভেঙে গেলে শরীফপুর ইউনিয়নবাসীর সরাসরি যাতায়াতসহ ভারতের ত্রিপুরার সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।
২০০৫ সালে ইউনিয়নের চাতলাপুর বিজিবি সীমান্ত ফাঁড়িসংলগ্ন এলাকায় মনু নদের ওপর ১ দশমিক ৬০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি চালু হয়।
এই সেতু চালু হওয়ার পর শরীফপুর ইউনিয়নের ৪০ হাজার মানুষ শমশেরনগর হয়ে সরাসরি জেলা সদর মৌলভীবাজারে যাতায়াত করতে পারে। চাতলাপুর স্থল শুল্কস্টেশন দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ দুই দেশের যাত্রীদের যাতায়াত বেড়ে যায়।
সরেজমিনে ঘুরে ও চাতলাপুর স্থল শুল্কস্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক দুই দফা টানা প্রবল বৃষ্টির ফলে পাহাড়ি ঢলের পানির¯তোড়ে মনু সেতু এলাকার বাঁধে ভাঙন শুরু হয়েছে। ভাঙন মনু সেতুর উত্তর-পশ্চিম প্রান্তে এসে ঠেকেছে।
গতকাল রোববার শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোনাব আলী বলেন, বাঁধের অব্যাহত ভাঙনে সেতু ঝুঁকিতে থাকার বিষয়টি মৌলভীবাজার জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হলেও তিনি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। চাতলাপুর স্থল শুল্কস্টেশন দিয়ে পণ্য আমদানি-রপ্তানিকারক সাইফুর রহমান, এমরান আহমদ, কাজী বদরুল ইসলাম, সোহেল আহমদ বলেন, অচিরেই বাঁধের ভাঙন রোধে ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষায় পাহাড়ি ঢলে বাঁধ সম্পূর্ণরূপে ভেঙে সেতুটির একাংশ ভেঙে যেতে পারে। তখন মানুষের যাতায়াতসহ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
চাতলাপুর স্থল শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম বলেন, চাতলাপুর বিজিবি সীমান্ত ফাঁড়িসংলগ্ন মনু সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। আমদানি-রপ্তানি বাণিজ্য ছাড়াও শরীফপুর ইউনিয়নের সঙ্গে উপজেলা সদর এবং ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষায় এই সেতুর গুরুত্ব অনেক। সেতুটি এখন রীতিমতো ঝুঁকিপূর্ণ।
সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বলেন, বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।
পাউবো মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী ইন্দু বিজয় শংকর বলেন, মনু নদ অত্যন্ত খরস্রোতা। উজানে ভারী বৃষ্টি হলেই পাহাড়ি ঢলের পানির তোড়ে বাঁধে ভাঙন দেখা দেয়। এভাবে বাঁধ ভেঙে শমশেরনগর-চাতলাপুর স্থল শুল্কস্টেশন সড়কে মনু সেতু কিছুটা ঝুঁকিতে পড়েছে। সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। শিগগিরই মনু সেতু এলাকার বাঁধ রক্ষার কাজ শুরু হবে বলে তিনি আশাবাদী।