বাঁধে ভাঙন ৪০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলপেটুয়া নদীর স্রোতের পানিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বন্যতলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। বাঁধ ভেঙে যেকোনো মুহূর্তে উপজেলার চারটি ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হতে পারে। এতে ভেসে যাবে কমপক্ষে পাঁচ হাজার চিংড়িঘেরসহ ফসলি জমির মাঠ।আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপির চেয়ারম্যান জাকির হোসেন জানান, প্রতাপনগর ইউপির বন্যতলা খেয়াঘাট এলাকায় খোলপেটুয়া নদীর ভাঙন চলছে দীর্ঘদিন ধরে। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এ ভাঙন মেরামতের জন্য পাউবো বরাবর আবেদন করার পর এপ্রিল মাসে প্রথমে দরপত্র আহ্বান করা হয়। ৩২ লাখ টাকা ব্যয়ে একটি কাজ পান সাতক্ষীরা শহরের ইটেগাছা এলাকার মো. নাসির। ৩৬ লাখ টাকা ব্যয়ে অপর কাজটি পান খুলনার আবদুল মাতিন। কিন্তু তাঁদের কার্যাদেশ দেওয়া হয়নি। এরই মধ্যে শনিবার রাত সাড়ে ১১টার দিকে খোলপেটুয়া নদীর প্রবল স্রোতে প্রায় ২০০ মিটার এলাকার ভাঙন মারাত্মক আকার ধারণ করে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকার মানুষ বাঁধটি রক্ষা করার চেষ্টা চালাচ্ছে। প্রতাপনগর গ্রামের শিক্ষক মাওলানা ওহিদুল ইসলাম ও আবু দাউদ জানান, শনিবার রাতে ভাঙন এতটাই মারাত্মক আকার ধারণ করেছে, যেকোনো মুর্হূতে পাউবোর বাঁধ ভেঙে ৪০ গ্রাম প্লাবিত হতে পারে। ভেসে যাবে চারটি ইউনিয়নের কমপক্ষে পাঁচ হাজার ছোট-বড় চিংড়িঘেরসহ ফসলি জমি। পাউবোর শ্যামনগর এলাকার এসও মো. শহিনুজ্জামান জানান, এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি রক্ষার চেষ্টা চালাচ্ছেন। জরুরি ভিত্তিতে এক কিলোমিটার বাঁধ তৈরির ব্যবস্থা নেওয়া হবে। পাউবোর (বিভাগ-২) নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, দরপত্র হলেও বরাদ্দ না থাকায় কার্যাদেশ দেওয়া যায়নি। তাছাড়া চারপাশে চিংড়িঘের হওয়ায় মাটির সংকট রয়েছে। তবে শনিবার রাতে নতুন করে ভাঙনের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে মৌখিক অনুমতি নেওয়া হয়েছে। দু-তিন দিনের মধ্যে কার্যাদেশ দেওয়া হবে।