বাঁধে ভাঙন, ৪০০ পরিবার পানিবন্দী
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গতকাল বৃহস্পতিবার কমলগঞ্জে ধলাই নদের বাঁধের চারটি স্থান ভেঙে গেছে। ভাঙনকবলিত এলাকায় প্রায় ৪০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণগুলের হাওর এলাকায় গতকাল বেলা দুইটার দিকে ধলাই নদের বাঁধ ভেঙে গেছে। এ ছাড়া একই ইউনিয়নের শ্রীপুর-কোনাগাঁও এলাকায় বাঁধে আরেকটি ভাঙনের সৃষ্টি হয়৷ কমলগঞ্জ-কুরমা সড়কের আদমপুর ও কুরমার মধ্যবর্তী বিভিন্ন স্থান পানিতে ডুবে গেছে। এলাকার শ্রীপুর বাজারে হাঁটু পানি হয়েছে।
বিকেল সোয়া চারটার দিকে কমলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উজিরপুর এলাকায় ধলাই নদের বাঁধে একটি ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কের কমলগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন সেতুর কাছে ধলাই নদের তীরে ফাটল দেখা দেয়৷ স্থানীয় প্রশাসন বাঁশ পুঁতে ও বালুর বস্তা ফেলে এখানে ভাঙন রোধের চেষ্টা করেন।
তবে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেখানে আবার ভাঙন ধরে। এই দুটি ভাঙন দিয়ে কমলগঞ্জ পৌর শহরে পানি ঢুকছে।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন বন্যাকবলিত এলাকায় প্রায় ৩৫০টি পরিবারের মধ্যে আট মণ চিড়া, দুই মণ চিনি, গুড়সহ শুকনো খাবার এবং মোমবাতি ও দেশলাই বিতরণ করেছে।
কমলগঞ্জ পৌরসভার মেয়ার আবু ইব্রাহীম জমশেদ গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে প্রথম আলোকে বলেন, ‘পৌরসভার উজিরপুরে ১০-১৫ হাত বাঁধ ভেঙে পড়েছে। শহরের দিকে পানি ঢুকছে। নতুন সেতুর কাছে ঝুঁকিপূর্ণ স্থানে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।’
পৌর মেয়র অভিযোগ করেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় ধলাই নদের বাঁধের তিনটি স্থান ঝুঁকিপূর্ণ হওয়ার কথা অনেকবার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং প্রশাসনকে মৌখিক ও লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা রাত আটটার দিকে ইসলামপুর ইউনিয়ন ও কমলগঞ্জ পৌর এলাকার বাঁধে ভাঙনের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘উজানের ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আমরা সব কটি এলাকায়ই গিয়েছি। তাৎক্ষণিকভাবে শুকনো খাবার দেওয়া হচ্ছে। সার্বিক পরিস্থিতি প্রশাসনের পর্যবেক্ষণে আছে৷’