
সরকারি হিসাবেই জামালপুরের প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ বন্যায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ থেকে জেলার বড় একটা অংশ বন্যাকবলিত। অথচ এখন পর্যন্ত কোনো আশ্রয়কেন্দ্র খোলা হয়নি। বাধ্য হয়ে দুর্গত মানুষ রাস্তা ও বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টির মধ্যে চরম দুর্ভোগে দিন কাটছে তাদের। এখনো এই অবস্থা চলছে।
বন্যাদুর্গত অসহায় মানুষ ক্ষোভ জানিয়ে বলেছে, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার পরও কোথাও কোনো ‘আশ্রয়কেন্দ্র’ খুঁজে পায়নি তারা। বন্যা, ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন বিদ্যালয়ে অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্র খোলা হলেও এবার তা করা হয়নি। স্থানীয় প্রশাসন বলছে, বন্যার্তদের চাহিদা না থাকা এবং আর্থিক কারণে আশ্রয়কেন্দ্র খোলা হয়নি।
এ বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান প্রথম আলোকে বলেন, আশ্রয়কেন্দ্র খুললে তো আশ্রিতদের খাবারদাবারের ব্যবস্থাও করতে হবে। সেটা তো সমস্যা। তবে দেওয়ানগঞ্জে রেলওয়ে উচ্চবিদ্যালয়ে কিছু লোকের থাকার ব্যবস্থা করা হয়েছে।
বন্যায় জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা ইসলামপুর। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টির বেশির ভাগ অংশ পানিতে তলিয়ে গেছে। দুর্গত মানুষের জন্য ওই উপজেলায় আশ্রয়কেন্দ্র খোলা না হওয়া প্রসঙ্গেÑ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুমুর রহমান বলেন, দুর্গতরাই অনেক সময় আশ্রয়কেন্দ্রে আসতে চায় না।
ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের দেওয়ানপাড়ার বাসিন্দা সুলতান মাহমুদ বলেন, আগস্টের ১৮ তারিখ বাঁধ ভেঙে তাঁর ঘর ডুবে গেছে। জমিও নদীতে গেছে। তিনি বলেন, সব হারিয়ে এখন চিনাডুলি বাঁধের ওপর থাকছেন।
গতকাল চিনাডুলি বাঁধে গিয়ে দেখা যায়, প্রায় ৫০টি পরিবার ঝুপড়ি ঘর তুলে বসবাস করছে এবং খোলা আকাশের নিচে রান্নার কাজ করছে।
চিনাডুলি যমুনা নদীর বাঁধের ধারে দেখা গেল অনেক মানুষের ভিড়। বামনা গ্রামের হাসেন মিয়া, অসনা বিবি বলেন, দুর্ভাগ্য তাঁদের পিছু ছাড়েনি। এলাকায় প্রতিদিন রাস্তা ভাঙছে। ছোট বাঁধ ভেঙে গেছে আগেই।
শত শত মানুষ প্রায় তিন সপ্তাহ ধরে বাঁধে আশ্রয় নেওয়ার পরও কেন আশ্রয়কেন্দ্র খোলা হয়নি, এমন প্রশ্নের জবাবে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আশ্রয়কেন্দ্র খুলতে চেষ্টা হয়নি, তা নয়। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি উৎসাহ দেখায়নি। কুলকান্দি ইউনিয়নের একটি মাদ্রাসা ঠিক করা হলেও শেষ পর্যন্ত আর হয়নি। তিনি বলেন, অনেক দুর্গত মানুষ বাড়ির কাছে রাস্তায় বসবাস করছে। সেখানে গরু পাহারা দেয়। তাই আশ্রয়কেন্দ্রে আসতে চায় না।
গতকাল শুক্রবার দুপুরে নৌকায় ইসলামপুর উপজেলার পশ্চিম বামনা গ্রামে গিয়ে দেখা যায়, পানিতে ডুবে থাকা প্রতিটি ঘরের দরজার কড়ায় ছোট ছোট তালা। পুরো এলাকা প্রায় জনশূন্য। সাঁতরে বা কলাগাছের ভেলায় করে নিজেদের ঘর দেখতে আসছেন কেউ কেউ। তাঁদেরই কয়েকজন গ্রামের বাসিন্দা ময়না বিবি, আলপনা বেগম ও আবদুল খালেক।
মধ্যবয়সী ময়না বিবি ক্ষতিগ্রস্ত ঘরের তালা খুলতে পারলেও কষ্ট করে তাঁকে ভেতরে ঢুকতে হয়েছে। ঘরে এখনো কয়েক ফুট পানি। বললেন, আগস্টের মাঝামাঝি পানি ওঠার পরও চার দিন ঘরে ছিলেন। পরে পানি আরও বাড়তে থাকায় এবং সাপ ঢুকে পড়ায় আর থাকতে পারেননি।
আবদুল খালেক বললেন, তাঁরা উপজেলা সরকারি অফিসে গিয়ে আশ্রয়কেন্দ্র খুঁজছিলেন। তাঁদের বলা হয়েছে কেন্দ্র খোলা হলে তারপর আসতে। পরে উঁচু রাস্তায় আশ্রয় নেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, জামালপুরে স্থায়ী কোনো সরকারি আশ্রয়কেন্দ্র নেই। সত্তরের দশকে বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রামে একটি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়। কিন্তু রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার অভাবে কেন্দ্রটি কাজে আসছে না।
জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার সাতটি উপজেলা কম-বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে তলিয়ে গেছে ৩৭ হাজারের বেশি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা সাড়ে পনেরো শ। নদীতে বিলীন হয়ে গেছে তিন শর বেশি ঘর। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা এক লাখেরও বেশি। অন্তত পাঁচ হাজার মানুষ উঁচু রাস্তা ও বাঁধে আশ্রয় নিয়েছে।
এদিকে বন্যায় জেলার ৩৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর মধ্যে ২১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইসলামপুরের চিনাডুলিসহ ২০টি মতো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, বেশির ভাগ স্কুল এখনো পানিতে তলিয়ে আছে। দেওয়ানপাড়ার চিনাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুধু টিনের চাল দেখা যাচ্ছে। চিনাডুলি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুকবুল হোসেন বলেন, বাঁধ ভাঙার পর স্রোতে বিদ্যালয়টির এই দশা হয়েছে।
দেওয়ানপাড়া বালিকা দাখিল মাদ্রাসাও ভেঙে গেছে। মাদ্রাসার প্রধান শিক্ষক আবদুল মালেক জানান, গত ১৮ আগস্ট প্রবল স্রোতে মাদ্রাসাঘরটি ভেঙে গেছে। চিনাডুলীর ডেবরাইপ্যাঁচ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শ্রেণিকক্ষে কয়েক দিন আগেও ছিল হাঁটুপানি। এখন পানি নেই। কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল কবির বলেন, এক সপ্তাহেরও বেশি সময় কলেজ বন্ধ ছিল।
এদিকে বন্ধ থাকা স্কুলগুলো কবে চালু হবে,এমন প্রশ্নের জবাবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আলিম বলেন, পানি কমছে, পর্যায়ক্রমে স্কুলগুলো খুলে দেওয়া হবে।