বাঁধে ২৪ দিন কাটিয়ে বাড়ি ফিরে গেলেন মনেছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনির হাওরপারে মনেছা বেগম। ফাইল ছবি
শনির হাওরপারে মনেছা বেগম। ফাইল ছবি

‌‘কী আর কইয়াম (কী বলব)! রাইত ১২টায় কপাল পুড়ল। লালুগোয়ালার উত্তরে দিয়া বড় আফর (বাঁধের ভাঙা অংশ) দিয়া হুরহর করি পানি ঢোকে। আমি ট্রলার চালাইয়া বাঁধ আই। মানুষরে ডাকাডাকি করি। বুকসমান পানিত নাইমা বালুর বস্তা ফালাইছি। ফজরের আজানের সময়ই সব শেষ!’

সুনামগঞ্জের তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা বিস্তৃত শনির হাওরের স্বেচ্ছাশ্রমে টেকানো বাঁধে টানা ২৪ দিন অবস্থান করা নারী মনেছা বেগম। অসময়ে পাহাড়ি ঢলে হাওরের প্রায় ২২ হাজার একর বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় গত ২৯ মার্চ রাতে। ওই দিন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্মিত বেড়িবাঁধ ভাঙার উপক্রম হলে কৃষক-জনতার রোষ থেকে রক্ষা পেতে পালিয়ে যান পাউবোর প্রকৌশলীসহ ঠিকাদারেরা। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের নেতৃত্বে দুই উপজেরার ৪০ গ্রামের ১ হাজার ৫০০ মানুষ প্রতিদিন স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজ করছিলেন। একমাত্র নারী হিসেবে সেই কাজে জামালগঞ্জের বেহেলি ইউপির সদস্য মনেছা বেগমও ছিলেন। গত ২৯ মার্চে থেকে গতকাল রাত ১২টা পর্যন্ত টিকে ছিল শনির হাওরের ১১টি স্থানের বাঁধ। এর মধ্যে লালুগোয়ালা নামক বাঁধে স্বেচ্ছাশ্রমের কাজ তদারক করছিলেন মনেছা বেগম। ২৯ মার্চ রাত থেকে হাওরপারে বাঁধে তাঁর কাটছিল টানা ২৩ দিন। আজ রোববার ভোরে বাড়ি ফিরে যান তিনি।

সকাল থেকে মুঠোফোন বন্ধ ছিল মনেছার। বেলা তিনটায় মুঠোফোনে কথা হয়। মনেছা কথা বলতে বলতে কাঁদছিলেন। প্রথম আলোকে বলেন, ‘বান্ধে তিন শুক্রবার পার কইরা দুই দিন অইল। আর টিকাইবার পারলাম না। খুব খারাপ লাগছে। বাড়িত আইয়া উঠানে বইয়া আছি!’

চল্লিশোর্ধ্ব মনেছা। মা-বাবা নেই। আট ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট। মনেছার দুই ছেলেসন্তানও আছেন। বড় ছেলে, ছেলের বউ আর নাতনিকে নিয়ে তাঁর পরিবার। মনোমালিন্যের কারণে স্বামীর সঙ্গে থাকছেন না। নিজের কোনো ভিটেও নেই, তাই বাবার বাড়িতে আশ্রিত জীবন যাপন করছেন। বড় ছেলে সোহেলের দিনমজুরি আর ইউপি সদস্য হিসেবে নিজের সম্মানী দিয়ে চলে মনেছার সংসার।

ইউপি সদস্য নির্বাচিত হওয়ার আগে পেশা তাঁর দিনমজুর ছিল। মাটি কাটার কাজ করতেন। গত ইউপি নির্বাচনে স্থানীয় জনসাধারণ চাঁদা তুলে তাঁকে নির্বাচনে প্রার্থী করেন।

বেহেলি ইউপির সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য নির্বাচিত হন। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ২৯ মার্চ থেকে লালুগোয়ালা বাঁধে অবস্থান নিয়ে সারা দিন ও রাত কাটাতেন। বাঁধের কোন দিকে কাজ করতে হবে, সেগুলো নজরদারি করতেন। নিজেও কাজ করতেন। মধ্যরাত শেষে পার্শ্ববর্তী একটি বাজারে গিয়ে একবেলা ঘুমিয়ে ভোরে আবার বাঁধে ফিরতেন। বাঁধ ভাঙায় এক মনেছাসহ হাজার হাজার কৃষকের স্বেচ্ছাশ্রম বিফলে গেল। আমার নিজেরও হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে।’