বাঁধেই দুর্ভোগ শহরবাসীর

নওগাঁ শহর রক্ষা বাঁধ এখন শহরবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পানি বাঁধের বাইরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা (আউটলেট) অপরিকল্পিতভাবে নির্মাণ করায় উল্টো নদীর পানি ঢুকে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করেছে।
নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন দাবি করেন, আউটলেটগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়নি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত ও নকশা অনুযায়ী এগুলো নির্মাণ করা হয়েছে। তবে বর্তমানে এগুলোতে কিছু ত্রুটি-বিচ্যুতি দেখা দিয়েছে। শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তবে আনোয়ার হোসেন স্বীকার করেন, পৌরসভার নালার সঙ্গে সামঞ্জস্য রেখে ইনলেট-আউটলেটের গেটগুলো (পানি ঢোকা ও বের হওয়ার পথ) নির্মাণ করলে ভালো হতো। নালা থেকে গেটগুলো ওপরে হয়ে গেছে। ফলে নদীর পানি শহরে ঢুকলে আর নামতে পারছে না। এতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পৌরসভার সঙ্গে সমন্বয় করে বাঁধ নির্মাণ করা হলে এ সমস্যার সৃষ্টি হতো না।
পাউবো সূত্র জানায়, ২০০৮ সালে পাউবো ৮০ কোটি টাকা ব্যয়ে নওগাঁ শহর রক্ষা বাঁধ প্রকল্প গ্রহণ করে। ইতিমধ্যে প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। এর আওতায় বাঁধের দুই পাশে মোট ৯০টি আউটলেট নির্মাণ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, শহরের বাঙ্গাবাড়িয়া, উকিলপাড়া ও বিহারি কলোনি চকদেব পোস্ট অফিস পাড়ার রাস্তাঘাট ও বসতবাড়ি জলমগ্ন হয়ে রয়েছে। ২০-২৫ দিন ধরে বৃষ্টি না হলেও কিছুদিন ধরে নদীর পানি বেড়ে যাওয়ায় বাঁধের আউটলেটগুলো দিয়ে পানি ঢুকে শহরের বিভিন্ন নালায় প্রবেশ করছে। অনেক নিচু জায়গায় নালাগুলো উপচে পানি ছড়িয়ে পড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
শহরের উকিলপাড়া এলাকার মোসায়েদ হোসেন, শফিকুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন বলেন, গত বছরও একই পরিস্থিতির সৃষ্টি হয়। এ ব্যাপারে এলাকাবাসী কয়েকবার পাউবোকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মাঝেমধ্যে দু-এক জায়গায় ভাঙা ব্লকগুলো মেরামত করা হয়েছে। শহরের এই এলাকা কিছুটা নিচু হওয়ায় নদীতে পানি একটু বেশি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
বাঙ্গাবাড়িয়ার আবদুস সামাদ ও জোছনা বেগম বলেন, ‘আমরা নদীর ধারে বাস করি। এর আগে প্রতিবছর বন্যার ভয়াবহতা আমরা দেখেছি। বাঁধ নির্মাণের ফলে ভেবেছিলাম, বন্যা থেকে রক্ষা পেলাম। কিন্তু লাভ হয়নি। আউটলেট দিয়ে পানি এসে আগের মতোই বসতবাড়িতে পানি উঠছে।’
বাঁধ নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শহর রক্ষা বাঁধের আউটলেটগুলোর পরিকল্পনা ও নকশা—দুই-ই নওগাঁর ছোট যমুনা নদীর জন্য প্রযোজ্য নয়। নদীর পানির স্তর থেকে শহরের উচ্চতা কম। এ কারণে শহরের পানি নদীতে নিষ্কাশনের ব্যবস্থা করা কঠিন। ফলে এই আউটলেটগুলো দিয়ে শহরের পানিনিষ্কাশন হচ্ছে না।
এ ব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত বলেন, আউটলেটগুলো স্লুইসগেট আকারে হওয়ার কথা ছিল। কিন্তু এগুলো সেভাবে তৈরি করা হয়নি। এ কারণে আউটলেটগুলো দিয়ে পানি ঢুকে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে পৌরসভার কিছু করার নেই। এর দায়দায়িত্ব পাউবোর।
গুরুদাস দত্ত বলেন, যে দু-একটি আউটলেট দিয়ে বিচ্ছিন্নভাবে শহরের পানি নদীতে নিষ্কাশিত হচ্ছে, তাও ঠিকভাবে হচ্ছে না। এর ফলে নেমে আসা পানির ধাক্কায় নদীর ধারের ব্লকগুলো ধসে পড়ছে। এভাবে চললে কিছুদিনের মধ্যে ব্লক ধসে পুরো শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়বে।
শহর রক্ষা বাঁধ নির্মাণকারী ঠিকাদার দেওয়ান ছেকার আহম্মেদ শিষান বলেন, ‘বাঁধে আউটলেট নির্মাণ করা আমার কাজ ছিল না। এটি ভিন্ন প্যাকেজের আওতায় অন্য ঠিকাদার করেছেন। আউটলেটগুলোর নির্মাণকৌশল সঠিক হয়নি বলেই সেগুলো অকার্যকর হয়ে পড়েছে।’