বাঁধের অভাবে ভাঙছে ২২ কিলোমিটার এলাকা
চাড়ালকাটা নদীর ভাঙনে সর্বস্বান্ত হচ্ছে নীলফামারী সদরের চাপড়া সরমজামী ও কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। প্রতিবছর সেখানে নতুন করে ভূমিহীন ও ঘরহারা মানুষের সংখ্যা বাড়ছে। এলাকাবাসী জানায়, নিতাই ইউনিয়নের গাংবের হয়ে নদীটি চাপড়া সরমজামী ও নিতাই ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়ে প্রায় ২২ কিলোমিটার ঘুরে গেছে। নদীটি আবারও গাংবের এলাকায় এসে ৭৫০ মিটার দূর দিয়ে চলে গেছে। ওই ৭৫০ মিটার এলাকায় খনন করে সেখানে এক হাজার মিটার দীর্ঘ একটি বাঁধ দেওয়া গেলে ২২ কিলোমিটার এলাকার অসংখ্য আবাদি জমি, বাড়িঘর, স্কুল-মাদ্রাসা, মসজিদ, হাটবাজার রক্ষা পেতে পারে। এতে নদীভাঙন রোধের পাশাপাশি অতিরিক্ত আবাদি জমি রক্ষা পাবে।নিতাই ইউনিয়নের গাংবের গ্রামের আবুল কালাম আজাদ (৬৫) বলেন, ‘নদীটা এই গ্রামের ওপর দিয়ে গিয়ে আবার এই গ্রামের ওপর দিয়েই ঘুরে গেছে। আমার বাবার আমল থেকে শুনে আসছি এখানে নদী কাটা (খনন) হবে। বঙ্গবন্ধুর আমলে এই নদী কাটার জন্য পাঁচ হাজার ২০০ টন গম বরাদ্দ হয়েছিল। কিন্তু নদী আর কাটা হয় নাই। এরপর কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আট কোটি ৭৫ লাখ টাকার একটি প্রকল্প করেছিল। সেটারও কোনো হদিস নাই।’বেড়াডাঙ্গা গ্রামের মাহফুজার রহমান (৪৫) বলেন, ‘এই নদীভাঙনে আমাদের জমিজমা সব শেষ। এ গ্রামের ২০টা পরিবার এখন পথে বসিছে। এমন অসংখ্য মানুষ জমিজমা হারিয়ে এখন ভূমিহীন।’চাপড়া সরমজামী ইউপি চেয়ারম্যান আসাদুর জামান চৌধুরী বলেন, নদীটা গাংবের হয়ে ২২ কিলোমিটার এঁকেবেঁকে আবার গাংবের হয়ে চলে গেছে। এখানে ৭৫০ মিটার খনন করে এক হাজার মিটার বাঁধ দেওয়ার ব্যাপারে আমরা পাউবোকে বলেছি। তারা মাঠ পরিদর্শন করে এর সম্ভাব্যতা যাচাই করেছে। পাশাপাশি ওই স্থানে একটা ১০০ মিটার সেতু নির্মাণ করা গেলে নীলফামারী থেকে কিশোরগঞ্জ উপজেলার দূরত্ব প্রায় ১০ কিলোমিটার কমে যাবে। পাউবোর এক কারিগরি প্রতিবেদনে (গত বছরের অক্টোবরে দেওয়া) বলা হয়েছে, প্রস্তাবিত ৭৫০ মিটার লুপ কাটিং, এক হাজার মিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে ১০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা দরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে গাংবের এলাকার ফসলি জমি, গ্রামের রাস্তা, বিভিন্ন প্রতিষ্ঠান, হাটবাজার, স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ-মাদ্রাসাসহ অন্যান্য স্থাপনা রক্ষা পাবে। পাউবো নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবর রহমান বলেন, ‘উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল এলাকা পরিদর্শন করেছে। এখন কারিগরি প্রতিবেদন বোর্ডে জমা আছে। সেটি অনুমোদন হলে আমরা প্রকল্প প্রস্তাবনা তৈরি করব। সেখানে একটি ১০০ মিটার সেতু নির্মাণসহ ব্যয় হবে ১৫ কোটি ৯৯ লাখ ৬২ হাজার টাকা।’স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর প্রথম আলোকে বলেন, ‘চাড়ালকাটা নদীভাঙনের শিকার সবচেয়ে বেশি হচ্ছে জেলা সদরের চাপড়া ইউনিয়নবাসী। গাংবের এলাকায় মাত্র ৭৫০ মিটার খনন করে সেখানে বাঁধ দেওয়া গেলে দুটি ইউনিয়নের অসংখ্য মানুষ নদীভাঙনের হাত থেকে রক্ষা পাবে। রক্ষা পাবে অনেক প্রতিষ্ঠান। প্রকল্পটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলেছি।’