বাঁধের ওপর আ.লীগ নেতার দোকান নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দিতে উপজেলা আওয়ামী লীগের সদস্য মমিনুল ইসলাম ওরফে বাবর মাস্টারের বিরুদ্ধে বাঁধের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। বাঁধের প্রায় এক শতক জায়গার ওপর আধা পাকা এই দোকানঘর নির্মাণ করছেন তিনি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মরিচাকান্দি বাজারের উত্তর পাশে লঞ্চ টার্মিনাল। লঞ্চঘাটের পশ্চিমে ১০০ ফুট দূরে বাঁধের ওপরের দিকে প্রায় এক শতক জায়গার ওপর আধা পাকা দোকানঘর নির্মাণ করছেন পাঁচ-ছয়জন শ্রমিক।
জানতে চাইলে শ্রমিক জামাল মিয়া বলেন, ‘বাবর মাস্টার ঘর বানাইতাছে, আমরা কয়েক দিন ধইরা কাজ করতাছি।’
মরিচাকান্দি গ্রামের ব্যবসায়ী মাখন মিয়া বলেন, ‘বাঁধের ওপর দোকানঘর নির্মাণ করায় কার্যত বাঁধটি হুমকির মুখে পড়ল। বাঁধটি ভেঙে গেলে এর প্রভাব পড়বে পুরো বাজারের ওপর। তা ছাড়া একজনের দেখাদেখি অন্যরাও বাঁধ দখলে উৎসাহিত হবে।’
মমিনুল ইসলাম মাস্টার প্রথম আলোকে বলেন, ‘বাঁধের এখানে আমার দেড় শতক জায়গা পড়েছে। এখন তো আমি আধা শতকের মতো জায়গায় দোকান নির্মাণ করেছি। আমার আরও জায়গা আছে।’ তিনি দাবি করেন, বাঁধের ওপর দোকান তৈরি করায় বাঁধের কোনো ক্ষতি হবে না।
দরিয়াদৌলত ইউনিয়ন ভূমি কার্যালয়ের সহকারী ভূমি কর্মকর্তা রমিজ উদ্দিন বলেন, ‘বাঁধ দখল করে কেউ দোকান নির্মাণ করলে সেটা অবৈধ। কেউ তা করে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা এ টি এম কাউছার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বাঁধ দখলের বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় সূত্র জানায়, উপজেলার মরিচাকান্দিতে মেঘনার ভাঙন রোধে ১৯৯৮ সালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এই বাঁধটি নির্মাণ করে। মরিচাকান্দি বাজার এবং উত্তর পাশের লঞ্চঘাট রক্ষা করতে প্রায় ২০০ মিটার দীর্ঘ এই বাঁধ নির্মাণ করা হয়।