বাঁধের ওপর তিন হাজার মানুষের মানবেতর জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় আইলার পর চার বছর কেটে গেলেও খুলনার দাকোপ উপজেলার দুটি ইউনিয়নের প্রায় তিন হাজার মানুষ এখনো বেড়িবাঁধের ওপর ঝুপড়ি করে মানবেতর জীবন কাটাচ্ছে। আইলার পরপর কিছু সাহায্য পেলেও বর্তমানে তাঁদের সাহায্য করার কেউ নেই।সরেজমিন ঘুরে বেড়িবাঁধের ওপর আশ্রয় নেওয়া লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৯ সালের ২৫ মে আইলায় উড়ামুখো ও দর্শনখালী এলাকায় বাঁধ ভেঙে যায়। নলিয়ান ও শিবসা নদীর সংযোগস্থলের জলকপাট (স্লুইসগেট) ভেসে যায়। ঝড়ে নলিয়ান নদের পাশের সুতারখালী ও কামারখোলা ইউনিয়নের সাতটি গ্রামের বাড়ি-ঘর মাটির সঙ্গে মিশে যায়। জোয়ারের পানিতে তলিয়ে যায় কামারখোলা ইউনিয়নের শ্রীনগর এবং সুতারখালী ইউনিয়নের পশ্চিম সুতারখালী, বাইনপাড়া, গাইনপাড়া, গাজীপাড়া, নলিয়ান ও গুনারী গ্রাম। বাধ্য হয়ে এসব গ্রামের প্রায় তিন হাজার মানুষ পাশেই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ওপর ঝুপড়ি ঘর বানিয়ে বসবাস শুরু করেন। ২০১১ সালে উড়ামুখো ও দর্শনখালী এলাকায় বাঁধ মেরামত করা হয়। কিন্তু নলিয়ান ও শিবসা নদীর সংযোগস্থলে নতুন করে জলকপাট স্থাপন বা বাঁধ না দেওয়ায় ওই সাতটি গ্রাম এখনো জোয়ারের পানিতে তলিয়ে যায়। এ কারণে পাঁচ শতাধিক পরিবারের তিন হাজার মানুষ বেড়িবাঁধের ওপর থেকে বাড়ি-ঘরে ফিরতে পারছে না। বেড়িবাঁধে আশ্রয় নেওয়া শ্রীনগর গ্রামের প্রভাতী মণ্ডল (৪০) বলেন, ‘ঝড়ে আমাগে বাড়িঘর ওই নদীতি গেছে। তিন বাচ্চা ও স্বামী নিয়ে এখন আছি এই রাস্তায়। হ্যানে কোনো কাজ নেই। ঝড়ের পরে সরকার এট্টু সাহায্য করিল। কিন্তু এখন আর কেউ আমাগে দ্যাখতেছে না।’ সুতারখালী ইউনিয়নের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেন, তাঁর ইউনিয়নের ছয়টি গ্রামের দুই হাজারের বেশি মানুষ আইলার পর থেকে বাঁধের ওপর বাস করছে। আবার অনেকে এলাকা ছেড়ে চলে গেছেন। দ্রুত নলিয়ান ও শিবসার সংযোগস্থলে বাঁধ দেওয়া না হলে ওই গ্রামগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হালিম বলেন, ‘আইলার পর থেকে নলিয়ান নদের দুই পাশে বাঁধে এখনো দুই শতাধিক পরিবার বসবাস করছে। ঘর নির্মাণে সরকার তাঁদের ২০ হাজার টাকা করে দিলেও তাঁরা তা করেনি। তবে বর্তমানে সেখানে বসবাসরত ব্যক্তিদের তালিকা তৈরির কাজ চলছে। তালিকা হলে আমরা মন্ত্রণালয়ে সাহায্যের জন্য তা পাঠাব।’খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সাংসদ ননী গোপাল মণ্ডল বলেন, ‘তাঁদের জন্য আশ্রয়ণ প্রকল্প করার চেষ্টা চলছে। আরেকটি বেসরকারি সংস্থার মাধ্যমে জমি কিনে ঘর তৈরি করে দেওয়ারও চেষ্টা চলছে। তা ছাড়া আগামী বছর বিশ্বব্যাংকের উদ্যোগে নলিয়ান নদীর মুখ বাঁধা হবে বলে আমি আশা করছি।