বাঁধের জন্য মানুষের আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের পর চার বছর পার হলেও দক্ষিণ উপকূলের বরগুনাসহ ছয়টি জেলার ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও স্লুইসগেটগুলো নির্মাণ ও পুনর্নির্মাণে তেমন অগ্রগতি নেই। ফলে এ অঞ্চলের প্রায় এক কোটি মানুষের জীবন-জীবিকা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।২০০৭ সালের ১৫ নভেম্বরের ঘূর্ণিঝড় সিডর এবং ২০০৮ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলার জলোচ্ছ্বাসে এসব জেলার অধিকাংশ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও স্লুইসগেট বিলীন ও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় জেলা বরগুনা।পাউবোর বরগুনা কার্যালয়ের কর্মকর্তারা জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে সীমিত আকারে দক্ষিণাঞ্চলের ছয়টি জেলার ক্ষতিগ্রস্ত কিছু বাঁধের মেরামতকাজ শুরু হয় চলতি বছরের মার্চে। এসব কাজ শেষ হতে আরও তিন বছর সময় লাগবে।পাউবোর বরিশাল আঞ্চলিক প্রধান প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড় সিডরে বরিশাল বিভাগের ছয়টি জেলার প্রায় ১৮০ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ এবং এক হাজার ৪০০ কিলোমিটার আংশিক ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয় বঙ্গোপসাগরের তীরবর্তী বরগুনা জেলার বাঁধ-স্লুইসগেটগুলো। এ জেলার ২২টি পোল্ডারের আওতায় ৮৫০ কিলোমিটার বাঁধের মধ্যে ৫৪ কিলোমিটার সম্পূর্ণ এবং ৩৯৬ কিলোমিটার আংশিক ক্ষতি হয়। এ ছাড়া বরগুনায় পাউবোর ২২টি পোল্ডারের আওতায় পানিনিষ্কাশনের জন্য ৩২৮টি স্লুইসগেটের ৯০ শতাংশই সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় এসব স্লুইসগেট এখন কৃষকদের গলার ফাঁসে পরিণত হয়েছে।অন্যদিকে ঘূর্ণিঝড় আইলায় বরিশাল বিভাগের ছয়টি জেলার ৫২৭টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৬৮ দশমিক ৮ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ও ৫ দশমিক ১৯ কিলোমিটার আংশিক ক্ষতি হয়।সিডরের পর ছয়টি জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ, স্লুইসগেট নির্মাণ-পুনর্নির্মাণ, বাঁধের উচ্চতা বৃদ্ধি এবং অন্যান্য অবকাঠামো মেরামতের জন্য ৪২৬ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু বিশ্বব্যাংক ওই প্রকল্পের অর্থ কাটছাঁট করে চলতি বছরের জানুয়ারিতে ১১২ কোটি টাকা সহায়তা দেওয়ার জন্য সম্মত হয়। কিন্তু এ অর্থ চাহিদার তুলনায় খুব কম হওয়ায় তা দিয়ে ক্ষতিগ্রস্ত বাঁধের অর্ধেকও মেরামত করা যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। সম্প্রতি এ অর্থসহায়তা দিয়ে তিন বছর মেয়াদে ক্ষতিগ্রস্ত এসব বাঁধ মেরামতের কাজ শুরু হলেও ক্ষতিগ্রস্ত বাকি বাঁধ নির্মাণ ও মেরামতকাজ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমানে শুরু হওয়া বিশ্বব্যাংকের অর্থায়নে ক্ষতিগ্রস্ত সীমিত অংশের মেরামতের এ প্রকল্প সম্পন্ন হতে আরও তিন বছর সময় লাগবে। ফলে এ অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি আরও বিপর্যস্ত হয়ে পড়বে বলে সংশ্লিষ্ট এলাকার ভুক্তভোগী কৃষকদের আশঙ্কা। একইভাবে বড় ধরনের কোনো ঝড়-জলোচ্ছ্বাস আঘাত হানলে উপকূলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাও দুরূহ হয়ে পড়বে বলে মনে করছেন পাউবোর কর্মকর্তারা।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুনীল চন্দ্র ধর জানান, বরগুনা জেলার বেশির ভাগ বাঁধ ও স্লুইসগেট অকেজো থাকায় কৃষি উৎপাদনে এর নেতিবাচক প্রভাব পড়ছে।জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্রের উপপরিচালক হাফিজ উদ্দীন আহাম্মদ বলেন, ‘বর্তমানে উপকূলের নদ-নদীতে জলস্ফীতির গতিপ্রকৃতি খুবই উদ্বেগের বিষয়। কারণ, অমাবস্যা-পূর্ণিমায় বরাবরই উপকূলে বায়ুর প্রবাহ অনেকটা বৃদ্ধি পায়। কিন্তু বায়ুতাড়িত হয়ে এমন জলোচ্ছ্বাসের নজির আমাদের রেকর্ডে নেই।’ তিনি আরও বলেন, ‘উপকূলের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের উচ্চতা গড়ে চার ফুট। এটা ১০ বছর আগেও ছিল তিন ফুট। সেই হিসাবে এ এলাকার বাঁধগুলো সর্বোচ্চ পাঁচ ফুট উচ্চতায় নির্মাণ করা হয়েছিল। কিন্তু ২০১০ সালের ৬ অক্টোবরের ঘূর্ণিঝড় গিরির প্রভাবে সৃষ্ট জোয়ারের উচ্চতা এতটাই ছিল যে এই বাঁধ উপচে আমাদের সুরক্ষাব্যূহে পানি ঢুকে গেছে। তাই এখন পুরোনো বাঁধগুলোর উচ্চতা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া দরকার।’পাউবোর বরগুনা জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দীন আহাম্মদ বলেন, ‘বিষয়টি আমরাও গুরুত্বের সঙ্গে ভাবছি এবং আমাদের বাঁধগুলো আরও কমপক্ষে পাঁচ ফুট বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা জানিয়ে এ-সংক্রান্ত একটি সুপারিশ ও নকশা বেশ কিছুদিন আগে মন্ত্রণালয়ে পাঠিয়েছি।’