বাঁধের দাবিতে ভোলায় অর্ধদিবস হরতাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা শহরসহ তিনটি ইউনিয়ন ভাঙনের হাত থেকে রক্ষায় মেঘনার পাড়ে বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও গণমিছিল হয়েছে। সর্বদলীয় নদীভাঙন প্রতিরোধ কমিটির ব্যানারে গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাস্কুল মাঠে সমাবেশ শেষে ভোলা শহরে গণমিছিল হয়। বাঁধ নির্মাণের দাবিতে আজ বুধবার ভোলায় অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়েছে।বিক্ষোভ-সমাবেশে বক্তারা বলেন, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে উত্তরে কাচিয়া ইউনিয়নে ও পূর্ব ইলিশা ইউনিয়নে ভাঙন ধরেছে। এতে ভোলা শহর হুমকির মুখে পড়েছে। এ ভাঙন রোধে মেঘনার পাড়ে পাকা ব্লক ফেলে বাঁধ তৈরির দাবি জানান বক্তারা। বক্তারা আরও বলেন, ভোলায় কোনো মন্ত্রী ও সরকারি দলের সাংসদ নেই। ভোলাবাসীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ জন্য সাধারণ জনগণসহ সব রাজনৈতিক দলের নেতারা আন্দোলনে নেমেছেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এই দাবিতে আজ বুধবার অর্ধদিবস হরতালের ডাক দেওয়া হয়েছে।প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু, বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল ইসলাম, কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম প্রমুখ।