বাঁধের দাবিতে মানববন্ধন
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দুই দিনে পদ্মার ভাঙনে দুটি গ্রামের ৪০টি বসতবাড়ি বিলীন হয়ে গেছে। নদীগর্ভে হারিয়ে গেছে ওয়াপদা বাজারের ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠানের জায়গা।
পদ্মার ভাঙনরোধে বাঁধের দাবিতে গতকাল মঙ্গলবার নদীর তীরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার ওয়াপদা বাজারের ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান পদ্মার ভাঙনের শিকার হয়েছে। গত শনি ও রোববার কেদারপুর ইউনিয়নের সাহেবের চর ও চরজুজিরা গ্রামের ৪০টি বসতবাড়ি পদ্মার গর্ভে বিলীন হয়েছে। ঝুঁকির মুখে রয়েছে ওয়াপদা বাজারের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও গ্রাম দুটির দুই শতাধিক বসতবাড়ি। পদ্মার তীরে বাঁধ নির্মাণের দাবিতে গতকাল ওয়াপদা বাজার ও সাহেবের চর এলাকায় গ্রামবাসী মানববন্ধন করেন। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে এলাকার কয়েক শ নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধন শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি দেন।
নড়িয়ার ইউএনও আসাদুজ্জামান বলেন, উপজেলার বিভিন্ন গ্রামে পদ্মার ভাঙন দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান ও বাঁধ নির্মাণের প্রয়োজনীয়তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর বরাবর দেওয়া সঞ্চারকলিপিটি তাঁর দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে।