বাঁধের পাথর সাবাড় করে পোনার ফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মুখ খোলা ড্রামের সঙ্গে দু-তিনটা পাথর বেঁধে নদীতে ডুবিয়ে রাখা হচ্ছে। তার সঙ্গে দড়ি দিয়ে একটি প্লাস্টিকের বোতল বেঁধে দেওয়া হয়। বোতলটি পানির ওপর ভেসে থাকে, যা দেখে ড্রামের অবস্থান বোঝা যায়। পাথরের ভারের কারণে ড্রামটি স্রোতে স্থানচ্যুত হয় না। নিরাপদ জায়গা মনে করে এই ড্রামের ভেতরেই চিতল মাছ ডিম ছাড়ে।রাজশাহী নগরের মতিহার থানার সাহাপুর থেকে চারঘাট উপজেলার মুক্তারপুর পর্যন্ত পদ্মা নদীর প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় চিতল পোনা শিকারিরা এ রকম কয়েক হাজার ড্রাম পেতে রেখেছেন। পদ্মা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ থেকে এই পাথর তুলে নেওয়া হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। কারণ পাথর তুলে নেওয়ায় বাঁধ হুমকির মুখে পড়ার আশঙ্কায় রয়েছে। এই এলাকায় পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কয়েক কোটি টাকা ব্যয়ে ব্লক বসিয়ে স্থায়ী বন্যানিয়ন্ত্রণ বাঁধ তৈরি করেছে। বাঁধের নিচের দিকে পাথর ফেলে স্তূপ করা হয়, যাতে স্রোতের আঘাতে বাঁধের নিচ থেকে মাটি সরে না যায়। এই পাথর তুলে নিয়েই পোনা শিকারিরা ড্রামের সঙ্গে বাঁধছেন। মৌসুম শেষে তাঁরা ড্রাম তুলে নিয়ে এলেও পাথর আর তোলেন না। পরের বছর আবার নতুন পাথর বেঁধে ড্রাম নামানো হয়।স্থানীয় লোকজনের আশঙ্কা, যেভাবে প্রতিবছর বাঁধের নিচ থেকে পাথর সরানো হচ্ছে, তাতে যেকোনো সময় বাঁধটি ধসে যেতে পারে। অথচ পোনা শিকারিদের বিরুদ্ধে কিছু বলা যায় না। তাঁরা জানান, চিতলের একেকটি পোনা ১০ টাকা পর্যন্তু বিক্রি হয়। এই পোনা তাঁরা ভারতে পাঠান।জেলা মৎস কর্মকর্তা এ জাফর সরকার বলেন, ‘চিতল মাছের পোনা ধরা যাবে কি না এ নিয়ে আইনে সুস্পষ্ট কিছু বলা নেই। তবে কার্পজাতীয় (রুই, কাতলা, মৃগেল) মাছের পোনা ধরা যাবে না। তবে নির্দেশনা থাক বা না থাক, যেহেতু মাছটি হারিয়ে যাচ্ছে, সে জন্য স্থানীয় কর্মকর্তাদের অভিযান চালানোর নির্দেশ দিয়েছি।’২৩ জুন সরেজমিনে দেখা গেছে, পদ্মার ওই এলাকায় কয়েক হাজার প্লাস্টিকের বোতল ভাসছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জেলে বলেন, ‘সাহাপুর থেকে মুক্তারপুর পর্যন্ত প্রায় দুই লাখ ড্রাম পদ্মা নদীতে নামানো হয়েছে। তার সঙ্গে চার লাখ পাথরও নেমে গেছে। পরে ড্রাম তোলা হলেও এই পাথর আর তোলা হবে না। পরের বছর আবার নামানো হবে।’ তিনি আরও বলেন, যেসব এলাকায় চিতলের পোনা ধরার জন্য ড্রাম পাতা হয়েছে, সেখানে সাধারণ জেলেদের জাল ফেলতে দেওয়া হয় না। চারঘাটের ইউসুফপুর এলাকায় গিয়ে দেখা যায়, সালাম ও মিঠুন নামের দুই ব্যক্তি ড্রামের সঙ্গে পাথর বাঁধছেন। পাথর বাঁধার জন্য ড্রামের গায়ে ঝালাই দিয়ে আংটা লাগানো হয়েছে। আংটার সঙ্গে দড়ি দিয়ে পাথর বেঁধে দেওয়া হচ্ছে। তাঁরা বলেন, তাঁদের ১০-১২টি ড্রাম রয়েছে। নদীতে পানি বাড়ছে দেখে তাঁরা আরও ড্রাম পাতার প্রস্তুতি নিচ্ছেন। রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ জানান, তাঁরাও নদীর পানিতে এ রকম বোতল ভাসতে দেখেছেন। কিন্তু তার সঙ্গে যে ড্রাম বাঁধা রয়েছে, আবার ভার হিসেবে পাথর বাঁধা হচ্ছে এটা জানা ছিল না। এ ব্যাপারে তাঁরা শিগগির অভিযান চালাবেন বলে জানান।