বাঁধের পাশ থেকে মাটি বিক্রি
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গোমতী নদীর সোনাইছড়ি খাল রক্ষা বাঁধের পাশের ও খালের ভেতরের মাটি বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দুই মাস ধরে খালের ১৭ কিলোমিটার এবং বাঁধসংলগ্ন অন্তত দুই কিলোমিটার এলাকা থেকে মাটি বিক্রি করা হচ্ছে। এ অবস্থায় আগামী বর্ষা মৌসুমে উজানের পানি নেমে এলে বাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এতে জেলার দক্ষিণাঞ্চলের কয়েক হাজার একর জমির ফসল ও জনবসতি হুমকির মুখে পড়বে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার মাটিয়ারা, চৌয়ারা, চাষাপাড়া, রায়পুর, ভুবনঘর ও পিপুলিয়া গ্রাম পর্যন্ত খালের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় মাটি কাটা হচ্ছে। পাড়সংলগ্ন বাঁধও কাটা হচ্ছে।
এলাকার অনেকে অভিযোগ করেন, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, চৌয়ারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল হাসান, মাটিয়ারা গ্রামের সুমন মিয়াসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের অন্তত ১৫ জন নেতা-কর্মী এই মাটি বিক্রি করছেন। প্রতিদিন প্রায় ৩০টি কলের লাঙলে (ট্রাক্টর) করে মাটি নেওয়া হচ্ছে বিভিন্ন ইটের ভাটা ও বসতবাড়িতে। এতে করে খালের দুই পাড়ের বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মেশিন ও কোদাল দিয়ে এই মাটি কাটা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে পানি গোমতী নদী হয়ে সোনাইছড়ি খালে আসে। গোমতী নদীর কুমিল্লার আদর্শ সদর উপজেলার কটকবাজার থেকে সোনাইছড়ি খালটির সৃষ্টি হয়েছে। খালটি সদর দক্ষিণ উপজেলার টঙ্গীরপাড় এলাকা পর্যন্ত বিস্তৃত। প্রায় প্রতিবছর পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে নদীর পানি বেড়ে গেলে ওই খাল উপচে আশপাশের গ্রামের ফসলি জমি তলিয়ে যায়। এ অবস্থায় ১৯৮৭ সালে খালসংলগ্ন এলাকার বাসিন্দারা ‘দক্ষিণ কুমিল্লা বন্যানিয়ন্ত্রণ কমিটি’ নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। ওই সংগঠনের আন্দোলনের কারণে ১৯৯৬ সালে সোনাইছড়ি খালের দুই পাড়ে বাঁধ নির্মাণ হয়। এতে জনগণের ফসল ও বাড়িঘর রক্ষা পায়। বর্তমানে ওই খালের বাঁধের উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের সহায়তায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
সুমন মিয়া বলেন, ‘আমি মাটি কিনে নিয়েছি চৌয়ারা এলাকার ছাত্রলীগের সাবেক সভাপতি হাসানের কাছ থেকে।’ হাসান বলেন, ‘আমরা যারা সরকারদলীয় লোকজন, তারা মাটি কেটে বিক্রি করছি।’ পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো অনুমোদন নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি ‘না’ সূচক জবাব দেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কুমিল্লা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নূরুল আমিন বলেন, ‘সোনাইছড়ি খালে মাটি কাটা হচ্ছে কি না, জানি না। সেখানে মাটি কাটার জন্য কাউকে ইজারা দেওয়া হয়নি।’