ভোলার দৌলতখান উপজেলার সুবেদার বাজার এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশের জলাশয় থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। জলাশয়ের ইজারাদার মাটি বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বাঁধ, আশপাশের বসতঘর ও আবাদি জমি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে শরীয়তপুর সদর উপজেলার মুন্সীরহাট খেয়াঘাট ও খিলগাঁও এলাকায় কীর্তিনাশা নদীর তীরের মাটি কেটে বিক্রি করছেন স্থানীয় ব্যক্তিরা। এতে কয়েকটি এলাকা ভাঙনের হুমকিতে পড়েছে।দৌলতখানে জলাশয়ের ইজারাদার শাজাহান মিয়া মাটি কাটার কথা স্বীকার করে বলেন, ‘আমি মাটি বিক্রি করছি না। জলাশয়টি মাছ চাষের উপযোগী করছি। আমার বিরুদ্ধে মাটি বিক্রির অপবাদ দেওয়া হচ্ছে।’পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান বলেন, বাঁধের পাশের তিন একর ৪৫ শতাংশ জলাশয় এক বছরের জন্য স্থানীয় শাজাহান মিয়ার কাছে ২০ হাজার ৭০০ টাকায় ইজারা দেওয়া হয়েছে। একই নিয়মে ওই এলাকায় আবদুল মান্নান, শাহে আলম ও আলাউদ্দিনের কাছে আরও ছয় একর ৯৬ শতাংশ জলাশয় ইজারা দেওয়া হয়। নীতিমালা অনুযায়ী, ইজারাদার শুধু জলাশয়ে মাছ চাষ করবেন; জলাশয়ের মাটি কাটতে ও বিক্রি করতে পারবেন না। কারণ, মাটি কাটলে বাঁধ ও পাশে থাকা বসতভিটার ক্ষতি হতে পারে। যদি কোনো ইজারাদার জলাশয়ের মাটি কাটেন, তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ইজারাদার তাঁর শ্রমিকদের দিয়ে মাটি কেটে ট্রলিতে তুলে নিয়ে যাচ্ছেন। সেখানে উপস্থিত শ্রমিকেরা জানান, ট্রলি ভর্তি করে মাটি এলাকার বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হয়।স্থানীয় লোকজন জানান, মাটি কাটার কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে জলাশয়ের দুই পাড়ের বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও জমি ভেঙে যাচ্ছে।শরীয়তপুর সদরের মুন্সীরহাট খেয়াঘাট ও খিলগাঁও এলাকা সরেজমিনে দেখা গেছে, নদীর তীরের মাটি কাটার জন্য প্রতিদিন ৫০-৬০ জন শ্রমিক নিয়োগ করা হয়। তাঁরা প্রতিদিন গড়ে ৮০ থেকে ১০০ ট্রাক মাটি কাটছেন। প্রতি ট্রাক মাটি বিক্রি করা হচ্ছে এক হাজার থেকে দেড় হাজার টাকায়।এলাকাবাসীর অভিযোগ, গত বছরের সেপ্টেম্বর থেকে স্থানীয় ব্যবসায়ী একিম আলী খান, হাবিবুর রহমান, মোছলেম উদ্দিন ও জলিল খান অবৈধভাবে এ কাজ করছেন।নদীর তীর থেকে বিপুল পরিমাণ মাটি কেটে নেওয়ার ফলে খিলগাঁও, মুন্সীরহাট গ্রামসহ আশপাশের এলাকাগুলো ভাঙনের হুমকিতে পড়েছে। মুন্সীরহাট খেয়াঘাটের ব্যবসায়ী লোকমান হোসেন বলেন, ঘাটের পাশে নদীর তীর থেকে যেভাবে মাটি কাটা হচ্ছে, তাতে ঘাটটি নদীতে বিলীন হয়ে যাবে। এ ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে।অভিযোগের ব্যাপারে একিম আলী খান বলেন, ‘নদীর তীরবর্তী জায়গার মালিক আমরা। নিজেদের জায়গার মাটি কেটে বিক্রি করি। প্রশাসনের অনুমতি নিতে হবে কেন?’স্থানীয় ডোমসার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবর রহমান বলেন, নদীর তীর থেকে মাটি কাটার ফলে এলাকায় ভাঙনের সৃষ্টি হচ্ছে। অসাধু মাটি ব্যবসায়ীদের বাধা দিয়েও কোনো কাজ হয়নি। বিষয়টি তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন। তিনিও কোনো ব্যবস্থা নেননি।ইউএনও শামীমা ফেরদৌস বলেন, নদীর তীর থেকে মাটি কাটার কোনো অভিযোগ তাঁদের কাছে নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন তিনি।