বাঁধের বাইরে আবাসন ঝুঁকিতে বাসিন্দারা
উপকূলীয় এলাকার মানুষের জীবন-জীবিকা নিরাপদ রাখতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোটি কোটি টাকা ব্যয়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করেছে। কিন্তু এ অঞ্চলের বিপুলসংখ্যক ভূমিহীন জনগোষ্ঠীকে আবাসন সুবিধা দেওয়ার নামে আবাসন ও আশ্রয়ণ প্রকল্পগুলো নির্মাণ করা হয়েছে বাঁধের বাইরে। এতে এখানকার বাসিন্দারা মারাত্মক দুর্যোগ ঝুঁকিতে আছেন। বরগুনার বেশ কয়েকটি আশ্রয়ণ প্রকল্প এলাকা স্বাভাবিক জোয়ারে নিমজ্জিত হওয়ায় বাসিন্দাদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হচ্ছে। কিন্তু এর পরও নতুন করে পিরোজপুর ও বরগুনার ঝুঁকিপূর্ণ এলাকায় আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে তালতলীর গাবতলী ও সোনারচর, সওদাগরপাড়া এলাকায় চারটি নতুন আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হচ্ছে। এগুলো পায়রা নদের বিভিন্ন চর ও বন্যানিয়ন্ত্রণ বাঁধের বাইরের ঝুঁকিপূর্ণ এলাকায়। আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এসব ব্যারাক নির্মাণ করছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। পিরোজপুর ও বরগুনা জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ঘূর্ণিঝড় সিডরের পর বরগুনা ও পিরোজপুর জেলার ১০টি উপজেলার দুই হাজার ৪৪০টি গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য জাপান সরকারের অর্থ সহায়তায় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় গত অর্থবছরে ২৪৪টি ব্যারাক নির্মাণের কাজ হাতে নেয়। সরেজমিন বরগুনা ও পিরোজপুরের বিভিন্ন আশ্রয়ণ, আবাসন ও ব্যারাক এলাকা ঘুরে দেখা গেছে, এসব প্রকল্পের অধিকাংশই নির্মাণ করা হয়েছে উপকূলীয় নদ-নদী ও খাল এবং উন্মুক্ত জলাশয় ভরাট করে। বরগুনার বামনা উপজেলার ৩০টি ব্যারাক নির্মাণ হয়েছে নদী ও খাল ভরাট করে। বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বিষখালী তীরবর্তী বদনীখালী বাজারের কাছে গড়ে তোলা আবাসন প্রকল্পের ঘর নদীতে বিলীন হচ্ছে। ওই আবাসন প্রকল্পের পাঁচটি পরিবার আতঙ্কে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এ এলাকায় নতুন করে নির্মিত ছয়টি ব্যারাকের ৬০টি পরিবার আবার গৃহহীন হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে। বৃহস্পতিবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, বিষখালী নদীর জোয়ার ও জলোচ্ছ্বাসে ব্যারাকের ভিত্তি সম্পূর্ণ ধসে গেছে। বদনীখালী বাজারের ব্যবসায়ী হুমায়ুন কবীর জানান, নদীর স্বাভাবিক জোয়ারে প্রতিদিন ভাসছে পুনর্বাসন প্রকল্পের এসব ঘর। বেতাগী উপজেলা পিআইও আহসান হাবিব বলেন, বেতাগীতে ৪৫টি ব্যারাক নির্মাণের জন্য জমি না পাওয়ায় নদী ও খালের তীরবর্তী স্থানে এগুলো নির্মাণ করা হয়। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ১৮টি ব্যারাক হাউসের নির্মাণকাজ চলছে বিভিন্ন নদী-খালের জমি ও চর ভরাট করে। গুলিশাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম জানান, এই ইউনিয়নে আটটি ব্যারাক হাউসের তিনটিই নির্মাণ হচ্ছে খালসংলগ্ন জমিতে। মঠবাড়িয়া উপজেলা পিআইও দেলোয়ার হোসেন বলেন, জমি-সংকটের কারণে বাধ্য হয়ে নদীতীর বা বাঁধের বাইরে এসব ঘর নির্মাণ করতে হয়েছে। পিরোজপুরের জিয়ানগর উপজেলার ১২টি ব্যারাক নির্মাণ করা হয় বলেশ্বর নদ তীরবর্তী কলারোন ও চণ্ডীপুর চরে। এসব ব্যারাকে আশ্রিত পরিবারগুলো প্রতিনিয়ত ভাসছে জোয়ারে পানিতে। কয়েকজন বাসিন্দা জানান, স্বাভাবিক জোয়ারে দুটি চরই প্লাবিত হয়। কাউখালী উপজেলার পাঁচটি ব্যারাক হাউস নির্মাণ করা হয়েছে জয়কুল গ্রামের চিড়াপাড়া সেতুসংলগ্ন খালের পাড় ভরাট করে। বরগুনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকাশচন্দ্র বিশ্বাস বলেন, সিডর-দুর্গতদের পুনর্বাসনের ঘর নির্মাণে যথাযথ স্থান না পাওয়ায় বেশির ভাগই ব্যারাক নদী ও খালের পাড়ে নির্মাণ করা হয়েছে।