বাঁধের বাইরে আশ্রয়ণ প্রকল্প দুর্যোগ-ঝুঁকিতে বাসিন্দারা
বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকার মানুষের জীবন-জীবিকা নিরাপদ রাখতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোটি কোটি টাকা ব্যয়ে বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করেছে। অথচ এই অঞ্চলের বিপুলসংখ্যক ভূমিহীন জনগোষ্ঠীকে আবাসন-সুবিধা দেওয়ার নামে সরকারি টাকায় আবাসন ও আশ্রয়ণ প্রকল্পগুলো নির্মাণ করা হয়েছে নিরাপত্তা বাঁধের বাইরে। এতে ওই সব আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা দুর্যোগ-ঝুঁকির মধ্যে রয়েছে। বর্তমানে স্বাভাবিক জোয়ারে এসব আবাসন প্রকল্পের ঘরগুলো পানিতে প্লাবিত হয়। উপকূলীয় এলাকার নদী ও খালের তীর ভরাট করে এসব আশ্রয়ণ ও আবাসন নির্মাণ করায় ওই সব নদীর নাব্যতাও হ্রাস পাচ্ছে। বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, সিডর ও আইলার আঘাতে এসব আশ্রয়ণ ও আবাসন প্রকল্পের অধিকাংশ লণ্ডভণ্ড হয়ে যায় এবং এসব কেন্দ্রে বসবাসকারী অনেক নারী ও শিশুর মৃত্যু হয়। প্রতি অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে এসব আবাসন ও আশ্রয়কেন্দ্র জোয়ারের পানিতে প্লাবিত হয়। এতে দরিদ্র মানুষের দুর্ভোগের অন্ত নেই। খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা ও পিরোজপুরের ১০টি উপজেলার দুই হাজার ৪৪০টি গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য বর্তমানে যে ২৪৪টি ব্যারাক নির্মাণ করা হচ্ছে, সেসব ব্যারাকও হচ্ছে নদীতীর ও চর ভরাট করে ঝুঁকিপূর্ণ এলাকায়। জাপান সরকারের অর্থ-সহায়তায় সিডর-পরবর্তী গৃহহীন মানুষকে পুনর্বাসন করতে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় উপকূলীয় এই দুই জেলায় এসব ব্যারাক নির্মাণ করছে। পিরোজপুর ও বরগুনা জেলা প্রশাসন সূত্র জানায়, প্রায় সাড়ে ২৭ কোটি টাকা ব্যয়ে দুই জেলায় ব্যারাকগুলো নির্মাণ করা হচ্ছে। কিন্তু নির্মাণাধীন ওই সব ব্যারাক হাউসেও দুর্যোগ-ঝুঁকি থেকেই যাচ্ছে। এসব প্রকল্পের অধিকাংশই নির্মাণ করা হয়েছে উপকূলীয় নদ-নদী ও খাল এবং উন্মুক্ত জলাশয় ভরাট করে। ভূমি অধিগ্রহণ নীতিমালা অনুসারে, সরকারি কোনো বিভাগের জমিতে অন্য কোনো বিভাগ উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ করতে চাইলে সংশ্লিষ্ট বিভাগ থেকে অনুমতি ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এসব স্থাপনা নির্মাণের আগে বা পরে পাউবোর কোনো অনুমতি বা মতামত নেওয়া হয়নি বলে পাউবোর বরগুনা কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভূমিহীনদের পুনর্বাসনে তত্কালীন এরশাদ সরকারের আমলে গুচ্ছগ্রাম প্রকল্প হাতে নেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের আমলে সেই প্রকল্পের নাম হয় আশ্রয়ণ প্রকল্প এবং বিএনপি সরকারের আমলে এর নামকরণ করা হয় আবাসন প্রকল্প। যোগাযোগ করা হলে পাউবোর বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, বরগুনায় জাপানি অর্থায়নে এবার যেসব ব্যারাক হাউস নির্মাণ করা হচ্ছে, তার মধ্যে শুধু বেতাগীর একটির জন্য অনুমতি নেওয়া হয়েছে। তবে বিগত দিনে যেসব আশ্রয়ণ ও আবাসন নির্মাণ করা হয়েছে, সেগুলোর অনুমোদন নেওয়া হয়েছে কি না, সেটা তাঁর জানা নেই।বরগুনার বেতাগী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুল ইসলাম বলেন, বেতাগীতে ৪৫টি ব্যারাক নির্মাণের জন্য জমি না পাওয়ায় নদী ও খালের তীরবর্তী স্থানে এগুলো নির্মাণ করা হচ্ছে। জেলার বামনা উপজেলায় বর্তমানে যে ৩০টি ব্যারাক হাউস নির্মাণ করা হচ্ছে, তাও নদী ও খাল ভরাট করে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে জানায়, খাল ভরাট করে ব্যারাক নির্মাণের ফলে দু-চার বছর পর এই খালের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তখন এলাকায় জলাবদ্ধতা ও সেচ সমস্যাসহ নানা বিপর্যয় নেমে আসবে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ১৮টি ব্যারাক হাউসের নির্মাণকাজ চলছে বিভিন্ন নদী, খালের জমি ও চর ভরাট করে। স্থানীয় গুলিশাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রিয়াজুল আলম জানান, এই ইউনিয়নে আটটি ব্যারাক হাউসের তিনটিই নির্মাণ করা হচ্ছে খালসংলগ্ন জমিতে।পিরোজপুরের জিয়ানগর উপজেলার ১২টি ব্যারাকের নির্মাণকাজ শেষের পথে। এগুলো বলেশ্বর নদ-তীরবর্তী কলারোন ও চণ্ডীপুর চরে নির্মাণ করা হচ্ছে। এসব চরের বাসিন্দারা জানায়, স্বাভাবিক জোয়ারে এসব চর প্লাবিত হয়। কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল হক স্বীকার করেন, জমিসংকটের কারণে খাল ও নদীতীরে এসব ব্যারাক নির্মাণ করতে হচ্ছে। বরগুনার জেলা প্রশাসক স্বপন কুমার সরকার প্রথম আলোকে বলেন, ‘দরিদ্র মানুষকে পুনর্বাসিত করার ক্ষেত্রে এই প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। অনেক সময় এত বড় আয়তনের জমি পেতে সমস্যা হয় বলে বাধ্য হয়ে নদ-নদীর তীর ভরাট করে প্রকল্প বাস্তবায়ন করতে হয়। তবে বর্তমানে উপকূলীয় এলাকার পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় এলাকাগুলো অনেকটা ঝুঁকিপূর্ণ বিবেচিত হচ্ছে, এটা ঠিক।’