বাঁধের বেড়াজালে রাংপানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে সারী নদীর সঙ্গে মিলিত হওয়া নদী রাংপানি বাঁধের বেড়াজালে বন্দী হয়ে পড়েছে। প্রভাবশালী একটি পক্ষ মাছ ধরার জন্য আধা কিলোমিটার অংশে চারটি বাঁধ দিয়ে রেখেছে। এতে নদীতীরের অন্তত আটটি গ্রামের মানুষ তাঁদের সবজিখেতে পানি দিতে পারছেন না।
সরেজমিনে জানা গেছে, জৈন্তাপুর সদর ইউনিয়নের বাংলাবাজার-সংলগ্ন ভারত সীমান্তের শ্রীপুর থেকে প্রবাহিত হয়েছে রাংপানি নদীর একটি অংশ। অপর অংশ ভারত সীমান্তের কেন্দ্রি ও ডিবির হাওর থেকে প্রবাহিত হয়ে বাংলাবাজারে গিয়ে মিলিত হয়েছে। এ অংশটি লক্ষ্মীপুর বাওন হাওরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে সারী নদীতে গিয়ে মিলিত হয়েছে। সারী নদীর মিলন অংশে স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ মাছ ধরার জন্য রাংপানির কেন্দ্রি ও ডিবির হাওর অংশে প্রায় ৬০০ মিটার পর পর চারটি বাঁধ নির্মাণ করেছে।
ডিবির হাওর-কেন্দ্রির ওপর দিয়ে প্রবাহিত রাংপানি হচ্ছে একমাত্র জলধারা। নদীতীরের বাসিন্দারা শীতকালীন সবজি চাষ করতে ওই নদীর পানি ব্যবহার করেন। বাঁধের কারণে সবজিচাষিরা পড়েছেন বিপাকে।
জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন ও তাঁর এক ভাই আবদুল আহাদসহ প্রভাবশালী একটি পক্ষ মাছ ধরার জন্য প্রায় এক সপ্তাহ আগে পর পর চারটি বাঁধ নির্মাণ করেন। রাংপানি তীরের একজন প্রবীণ চাষি জানান, নদীতীরে তাঁর ছয় বিঘা জমিতে শীতকালীন সবজি চাষাবাদ করেছেন। কোনো বছরই এভাবে বাঁধ দেওয়া হতো না। শীতের আগেই বাঁধ হওয়ায় সবজিখেতে সেচ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন। ওই চাষি জানান, বাঁধ থাকলে তাঁর মতো প্রায় অর্ধশতাধিক চাষিকে এবার সবজি চাষ গুটাতে হবে।
গতকাল শনিবার আবদুল আহাদের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন নির্মিত বাঁধ রাংপানিতে হয়নি বলে দাবি করেন। তাঁর ভাষ্য, এটি আসলে রাংপানি নদীর একটির খাল।
তবে ‘সারী নদী বাঁচাও আন্দোলন’র সভাপতি আবদুল হাই আল হাদী বলেন, যে অংশে বাঁধ দেওয়া হয়েছে, সেটি রাংপানি নদী। সীমান্ত থেকে নেমে আসা এ নদীর দুটো ভাগ রয়েছে। দ্বিতীয় ভাগে এবারই প্রথম বাঁধ হয়েছে; যা নদী আইন লঙ্ঘন।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ইউপি চেয়ারম্যানসহ বাঁধ নির্মাণকারী কয়েকজনকে আমার দপ্তরে ডেকেছিলাম। তাঁরা জানিয়েছেন, বোরো জমিতে সেচ-সংকট ঘুচাতে ওই বাঁধ দিয়েছেন। যেকোনো কারণেই নদীতে বাঁধ দেওয়া আইনসিদ্ধ নয়। এ বিষয়টি আমি সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেব।’