বাঁধের ভাঙন রোধে হাওরে আগাম প্রস্তুতি, ফসল রক্ষা
বাঁধের ভাঙন ঠেকাতে আগাম প্রস্তুতি থাকায় এবার নেত্রকোনার চার উপজেলার বিভিন্ন হাওরের ৩৮ হাজার হেক্টর জমির ধান রক্ষা করা সম্ভব হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তা এবং উপজেলা প্রশাসনের সুষ্ঠু তদারকির কারণে বাঁধগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিবছরই বাঁধ ভেঙে কলমাকান্দা, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর বিভিন্ন হাওরের জমির ধান নষ্ট হয়ে যেত। কিন্তু এবার স্থানীয় সাংসদের নির্দেশে উপজেলা প্রশাসন প্রতিটি বাঁধ পাহারা দেওয়ার জন্য গ্রাম পুলিশ নিয়োগ দেয়। এ ছাড়া প্রশাসন বাঁধ রক্ষা করার জন্য মাইকিং করে স্থানীয় লোকজনকে উদ্বুদ্ধ করে। এ কারণে চার উপজেলার ৩৭টি বাঁধ রক্ষা করা সম্ভব হয়েছে।
খালিয়াজুরীর পাঙ্গাসিয়া, কীর্তনখোলা, লক্ষ্মীপাশা, জালরবন, পায়ারবন, পায়ার, সাতবিলা, খুইল্যা, সেনের বিল, ধাইলং, চাতল, চৌতারা ও মায়ের চর এবং মদনের তলার, মোহনগঞ্জের ডিঙ্গাপোতা, কমলাকান্দার মহিষাউড়াসহ সব কটি হাওরের ফসল রক্ষা পেয়েছে।
খালিয়াজুরীর ইউএনও বদরুল হাসান বলেন, ‘প্রতিবছরই পাশের কয়েকটি উপজেলা থেকে মাছ ধরার জন্য লোকজন এসে বাঁধগুলো ভেঙে দিতেন। এবার আগে থেকেই সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়ে সতর্ক করেছি। পাকার সঙ্গে সঙ্গে মাইকিং করে ধান কেটে ফেলার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া পাহারাদাররা কঠোরভাবে দায়িত্ব পালন করায় এবং স্থানীয় সাংসদের বিশেষ নজর থাকায় ফসল রক্ষা করা সম্ভব হয়েছে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী নূরুল ইসলাম জানান, এবার বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন সহায়তা করেছে। এ ছাড়া আবহাওয়া অনুকূল থাকায় কৃষকেরা সহজেই খেত থেকে ধান কেটে বাড়িতে নিয়ে যেতে পেরেছেন।