বাঁধের ভাঙনে হুমকির মুখে রাজশাহী পুলিশ লাইনস

রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় শহররক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। তীব্র স্রোতে বাঁধের ব্লক খুলে নদীতে চলে যাওয়ায় ওপরের অংশ খসে পড়ছে। এতে নদী-সংলগ্ন রাজশাহী জেলা পুলিশ লাইনস হুমকির মুখে পড়েছে।
শ্রীরামপুর এলাকায় জেলা পুলিশ লাইনসের অবস্থান। এর ঠিক দক্ষিণ পাশেই শহররক্ষা বাঁধ। মাঝখানে শুধু একটি রাস্তা। জেলা পুলিশের পক্ষ থেকে বাঁধ এবং বাঁধের দক্ষিণ পাশে একটি চত্বর নিয়ে সৌন্দর্যবর্ধনের জন্য চমৎকার আয়োজন করা হয়েছে। বাঁধের পাশে বেড়া দিয়ে ফুল গাছ লাগানো হয়েছে। সন্ধ্যায় ফুলগাছের গোড়ায় রঙিন আলোর বাল্ব জ্বেলে দেওয়া হয়। পদ্মা নদীর ধার দিয়ে লাগানো হয়েছিল নারিকেল গাছ। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের ওই এলাকায় গিয়ে দেখা যায়, বাঁধের দক্ষিণ পাশের সেই চত্বর আর নেই। নারিকেল গাছগুলো নদীর মধ্যে পড়ে গেছে। এখন ওপর থেকে শুধু গাছের পাতাগুলো দেখা যাচ্ছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার পদ্মা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এই এলাকায় অল্প অল্প করে ভাঙন দেখা দেয়। বাঁধের দক্ষিণ পাশের চত্বরটা ধীরে ধীরে ভাঙছিল। এ সময় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এই ভাঙনরোধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত সোমবার রাত ১০টা থেকে এই ভাঙন তীব্র আকার ধারণ করে। তাঁরা বলেন, নারিকেল গাছের সারি নদীতে নেমে যাওয়ার পর ভাঙন দ্রুত বাঁধের কাছে চলে আসে। বাঁধের নিচে যে পাথর ফেলা ছিল, পানির স্রোতের তীব্রতার কারণে পাথর সরে গেছে। এখন বাঁধে লাগানো ব্লকই খুলে খুলে নদীতে পড়ছে।
যোগাযোগ করা হলে রাজশাহী জেলার পুলিশ সুপার নিশারুল আরিফ বলেন, ভাঙনের কথা তিনি শুনেছেন। কিন্তু পুলিশ লাইনস জেলা পুলিশের হলেও রাজশাহী মহানগর এলাকার মধ্য সেটির অবস্থান। এই ক্ষেত্রে নিজেদের মালামালের নিরাপত্তার ব্যবস্থা করা ছাড়া তাঁর কিছু করার নেই। তিনি বলেন, পুলিশ লাইনসের পক্ষ থেকে ওখানে সৌন্দর্যবর্ধনের কাজ করেন স্পেশাল আর্মড ফোর্সের একজন সহকারী পুলিশ সুপার। এ বিষয়টি দেখার জন্য তিনি তাঁকে বলবেন বলে জানালেন। আর ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড যা করার করবে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, এই ভাঙন ঠেকাতে না পারলে রাজশাহী শহরের সরকারি স্থাপনার পাশাপাশি সাধারণ মানুষের ঘরবাড়ির যে ক্ষতি হবে, তা ১০০ বছরেও পূরণ করা সম্ভব হবে না। তিনি বলেন, তাঁরা একাধিকবার প্রধানমন্ত্রী বরাবার স্মারকলিপি দিয়েছেন। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করেছেন, কিন্তু সরকার সেদিকে নজর দেয়নি। তিনি বলেন, আগামী চার দিনের মধ্যে কোনো ব্যবস্থা না নিলে তারা আবার পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করবেন।
জানতে চাইলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, বাঁধের নিচে তাদের ‘প্রোটেকশন ওয়ার্ক’ করা ছিল। তাঁরা ধারণা করেছিলেন, বাঁধের দক্ষিণ পাশের চত্বরটা ভেঙে গেলেও শহররক্ষা বাঁধের কোনো ক্ষতি হবে না। তিনি বলেন, এখন যেটা দেখা যাচ্ছে, সেটা তাঁদের ধারণার বাইরে। তাদের ‘প্রোটেকশন ওয়ার্ক’ কোনো কাজে আসেনি। স্রোতের তোড়ে বাঁধের নিচের মাটি সরে গেছে। এ জন্য বাঁধের ব্লক খুলে পড়ছে। খবর পেয়ে সোমবার রাতেই তিনি বাঁধ পরিদর্শন করেছেন বলে জানালেন। তিনি আরও বলেন, মঙ্গলবার ও বুধবার সেখানে ব্লক ফেলা হয়েছে। কিন্তু পানি একটু কমে যাওয়ায়, যেখান থেকে ব্লক আনা হচ্ছিল ওই জায়গায় আজ বৃহস্পতিবার আর নৌকা ভেড়ানো যাচ্ছে না। আজ তাই ব্লক ফেলা যায়নি।
গত মঙ্গলবার ১০ হাজার জিও ব্যাগ ফেলার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল বলে জানান হারুন অর রশিদ। এর সঙ্গে তিনি যোগ করেন, আজ কার্যাদেশ দেওয়া হয়েছে। তাঁরা আশা করছেন, এই কাজ করতে পারলে বড় ধরনের কোনো ক্ষতি হবে না।