বাঁধের মাটি কেটে রাস্তা করছেন যুবলীগ নেতা
বরিশালের উজিরপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ কেটে রাস্তা সংস্কারের অভিযোগ উঠেছে বরিশাল জেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য মেহেদী হাসানের বিরুদ্ধে। রাস্তার কাজেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয় ব্যক্তিরা।স্থানীয় লোকজন, পাউবো ও এলজিইডি সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার বিল অঞ্চলের মানুষের যাতায়াত-সুবিধার জন্য ১৯৮৮ সালে উজিরপুরের ধামুরা-সাতলা-পয়সার হাট এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করে পাউবো। ১৯৯০ সালে এ বাঁধে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) পাকা সড়ক নির্মাণ করে। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের প্রায় সাড়ে সাত কিলোমিটারে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এলজিইডি সূত্রে জানা গেছে, গত মার্চে সাত কিলোমিটার সড়ক সংস্কারের জন্য তিন কোটি ৬৭ লাখ ৫৮ হাজার টাকার প্রাক্কলন তৈরি করে দরপত্র আহ্বান করা হয়। কাজটি পায় জেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য মেহেদী হাসানের প্রতিষ্ঠান মেসার্স কহিনুর এন্টারপ্রাইজ। গত ২৪ এপ্রিল প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়া হয়। ১৫ মে কাজ শুরু হয়।উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুপ হালদারসহ স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, মাটি সরবরাহের জন্য প্রায় ৪০-৪৫ লাখ টাকা বরাদ্দ থাকলেও ঠিকাদার বেড়িবাঁধের মাটি কেটে সড়কে দিচ্ছেন। শুধু তা-ই নয়, ঠিকাদার ক্ষমতার প্রভাব খাটিয়ে সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন। স্থানীয় লোকজন বাধা দিলেও কোনো কাজ হয়নি। বিষয়টি উপজেলা প্রকৌশলী ও পাউবোর নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। অভিযোগ পেয়ে বরিশাল পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ গত ২৪ সেপ্টেম্বর সরেজমিনে পরিদর্শন করেন। পরদিন এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে তিনি একটি চিঠি দেন। এতে বলা হয়, বাইরে থেকে মাটি এনে সড়কের কাজ করার কথা থাকলেও ঠিকাদার তা না করে পাউবোর বাঁধ থেকে ও শ্লোপ থেকে মাটি কেটে নিচ্ছেন। চিঠি পাওয়ার পর এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য উজিরপুর উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবিরকে নির্দেশ দেওয়া হয়। মো. হুমায়ুন কবির বলেন, অভিযোগের সত্যতা রয়েছে। তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।মেহেদী হাসান সব অভিযোগ অস্বীকার করে বলেন, নির্মাণ সামগ্রী ল্যাবে পরীক্ষা করে ছাড়পত্র নিয়ে সড়ক নির্মাণকাজে ব্যবহার করা হয়। তা ছাড়া কাজটি তদারকি করার জন্য কনসালট্যান্ট রয়েছে। বিশেষ মহলের অনৈতিক দাবি পূরণ করতে না পারায় এসব অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। স্থানীয় সাংসদ মনিরুল ইসলাম বলেন, ‘আমি ইউএনওকে নিয়ে সরেজমিনে দেখেছি। এভাবে মাটি কাটায় বাঁধ ও রাস্তা যেকোনো সময় ভেঙে যেতে পারে।’ নিম্নমানের সামগ্রী ও কাজের মান খারাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘এরও সত্যতা রয়েছে। দলীয় নাম ভাঙিয়ে কাউকে সুযোগ নিতে দেওয়া হবে না।’