বাঁধের সঙ্গে ভেসে গেল কৃষকের স্বপ্ন
যশোরের কেশবপুর উপজেলার বিল খুকশিয়ার জোয়ারাধার (টিআরএম) প্রকল্পের গোরশয়াল পয়েন্টে স্বেচ্ছাশ্রমে বেঁধে দেওয়ার ১৩ দিনের মাথায় প্রবল জোয়ারের পানির তোড়ে বাঁধ ভেঙে গেছে।দেড় মাস পরিশ্রম করে এলাকার শত শত কৃষক বাঁধটি বেঁধে দিয়েছিলেন। স্বপ্ন ছিল, কয়েক বছর পর আবারও বোরো চাষ করবেন বিল এলাকার ১৩ গ্রামের কৃষকেরা। কিন্তু বাঁধ ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে গেল তাঁদের সেই স্বপ্নও।সুফলাকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাতে জোয়ারের পানির চাপে বাঁধের এক জায়গায় গর্ত হয়। সেটি বেঁধেও দেওয়া হয়। কিন্তু শুক্রবার রাতের প্রবল জোয়ারের পানির চাপে আর বাঁধটি রক্ষা পায়নি। বর্তমান চেয়ারম্যান এস এম মনজুর রহমান বলেন, ‘বাঁধটি জোয়ারের পানির তোড়ে ভেসে গেছে। আজ (শনিবার) সন্ধ্যায় এলাকার লোকদের নিয়ে কাটাখালী বাজারে সভা করা হবে। সেখানেই পরবর্তী করণীয় ঠিক করা হবে।’ গতকাল শনিবার সরেজমিনে দেখা গেছে, বিল খুকশিয়ার গোরশয়াল কাটিং পয়েন্ট দিয়ে শ্রীহরি নদীর পানি হু হু করে ঢুকছে। পানির শোঁ শোঁ শব্দে কান পাতা দায়। বাঁধের পাশে ডুমুরিয়া উপজেলার চেচুড়িয়া গ্রামের মো. শফি মাথায় হাত দিয়ে বসে ছিলেন। তিনি বলেন, ‘আমাদের সব পরিশ্রম শেষ হয়ে গেল। এই দেহেন কীভাবে পানি ঢুকতেছে। সবে কেউ কেউ ফসল লাগিয়েছিল, এখন তা তলিয়ে যাবে।’মো. শফি জানান, শুক্রবার রাতে এক জায়গায় বড় গর্ত হয়। বাঁধ ভেঙে একাকার হয়ে যাচ্ছে। প্রায় ৩০ ফুট এলাকা ভাসিয়ে নিয়ে গেছে। বিস্তীর্ণ এলাকার জমির মাটি শুকিয়ে সবে ফসল করার উপযোগী উয়ে উঠছিল। কিন্তু তা আর সম্ভব নয় বলে এলাকাবাসী মনে করছেন।মান্দরা গ্রামের হাবিবুর রহমান বলেন, এই বাঁধ আর স্বেচ্ছাশ্রমে বাঁধা সম্ভব নয়। গৃহবধূ অনিতা বিশ্বাস বলেন, ‘আট বছর ধরে আমাদের বাড়িতে পানি উঠত, কয়েক দিন উঠছিল না। এই পানি ঢুকতেছে, আবার বাড়িতে পানি উঠে যাবে।’২০০৫ সালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিল খুকশিয়া ৮৩০ হেক্টর জমিতে নদীর জোয়ারের পানি উঠিয়ে বিল উঁচু করতে টিআরএম প্রকল্প শুরু করে। প্রকল্পের মেয়াদ তিন বছর থাকলেও তা শেষ না করে অব্যাহত রাখা হয়। এলাকার মানুষ সরকারের দিকে চেয়ে না থেকে কাটিং পয়েন্ট স্বেচ্ছাশ্রমে বেঁধে দেন। কিন্তু জোয়ারের পানির চাপে সেই বাঁধ ভেঙে গিয়ে পুনরায় বিলটি জলাবদ্ধ হয়ে যেতে বসেছে।