বাঁধের সর্বনাশ করে পানি নিষ্কাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগে জলাবদ্ধতা দূর করার জন্য খুলনার দাকোপ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ছিদ্র করা হয়েছিল। এতে জলাবদ্ধতা তো দূর হয়ইনি বরং জোয়ারের সময় পানি ঢুকে এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। একই সঙ্গে বাঁধও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার গোড়কাঠি, তিলডাঙ্গা, খলিম, হাতাই, পানখালী ও আরতাপোয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসনের জন্য স্থানীয় নাছির, খানজাহান, নূর ইসলাম ও আবদুল গফুর খান গোড়কাঠি গ্রামে পাউবোর বেড়িবাঁধ ছিদ্র করেন। নাছির, খানজাহান, নূর ইসলাম ও আবদুল গফুর খান জানান, স্থানীয় সাংসদ ও চালনার মেয়রের সঙ্গে কথা বলে এলাকায় জমে থাকা পানি সরানোর জন্য তাঁরা বাঁধ ছিদ্র করেছেন। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, পানি নিষ্কাশন করার জন্য ছিদ্র করায় বাঁধ দুর্বল হয়ে যায়। কিছু দিন পর পানির চাপে ছিদ্র বড় হয়ে যায়। পরে জোয়ারের পানির চাপে বাঁধের যে স্থানটিতে ছিদ্র করা হয়েছে, সে স্থান ভেঙে নদীর পানি ঢুকে এলাকা প্লাবিত হয়। নদী থেকে লোনা পানি ঢোকার কারণে ফসলেরও ক্ষতি হয়। বারুইখালী গ্রামের সত্যজিৎ হালদার বলেন, এভাবে বাঁধ ছিদ্র করে পানি ঢোকানো ও বের করা হয়। পরে এ জায়গাগুলো ভেঙে নদীর জোয়ারের পানি প্রবেশ করে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়। গোড়কাঠি গ্রামের কৃষক সুভাষ বৈরাগী বলেন, ‘পাউবোর স্লুইসগেট রইয়েছে ১০০ গজ দূরি, তার পরেও বেড়ি ছিদ্র করতি হবে কোন জন্যি। তার কিছু বুঝলাম না।’ চালনা এম এম কলেজের মাঠে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় শিক্ষার্থীদের ক্লাসে আসতে সমস্যা হচ্ছে। খেলাধুলাও বন্ধ রয়েছে। এই কলেজের ছাত্র রতন কুমার মণ্ডল বলেন, ‘২০০৩ সালে আন্তকলেজ ফুটবল প্রতিযোগিতায় আমরা প্রথম স্থান লাভ করি। কিন্তু বর্ষার এই চার মাস মাঠে পানি জমে থাকায় আমরা কোনো অনুশীলন করতে পারিনি। মাঝেমধ্যে শ্রেণীকক্ষেও পানি উঠে যায়।’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ জামান বলেন, ‘আমাদের কলেজের মাঠটি দাকোপের সব থেকে বড় মাঠ। মাঠ উঁচু না করতে পারলে এই সমস্যা থেকেই যাবে।’ দাকোপ উপজেলার চালনা পৌরসভার মেয়র অচিন্ত মণ্ডল বলেন, ‘আমি ও এমপি ননী গোপাল বাবু মিলে এ কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। বাঁধ ছিদ্র করে নয় ইঞ্চি লম্বা পাইপ দেওয়া হবে। পানি নিষ্কাশন হয়ে গেলে এই পাইপের মুখ বন্ধ করে দেওয়া হবে।’ এতে বাঁধের কোনো অসুবিধা হবে কি না জানতে চাইলে তিনি জানান, অনেকের বীজতলা তলিয়ে গেছে। সেখান থেকে পানি সরানোর জন্য এই ব্যবস্থা। এতে বাঁধের কোনো সমস্যা হবে না। খুলনা-১ আসনের সাংসদ ননী গোপাল মণ্ডল বলেন, আপাতত পানি বের করার জন্য এই ব্যবস্থা। পানি কমে গেলে এই পাইপের মুখ বন্ধ করে দেওয়া হবে। এতে কোনো সমস্যা হবে না।