বাঁধের স্থানে স্থানে ফাটল বসতবাড়ি হুমকিতে
বগুড়ার কাহালু, দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলায় নাগর নদের অন্তত ১৫টি স্থানে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এ কারণে নদের পাশের বাঁধের পাঁচটি স্থানে ফাটল ধরেছে। এ ছাড়া অন্তত ছয়টি স্থানের বসতবাড়ি ভাঙনের হুমকির মুখে পড়েছে।
আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলের নেতা-কর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিরা বালু উত্তোলন করছেন বলে অভিযোগ রয়েছে।
গত শুক্র ও শনিবার নাগর নদ ঘুরে দেখা গেছে, কাহালুর মদনাই গ্রাম থেকে শুরু করে আদমদীঘির চাঁপাপুর গ্রাম পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে বালু তোলা হচ্ছে। এর মধ্যে দুপচাঁচিয়ার নয়টি, কাহালুর চারটি ও আদমদীঘির দুটি স্থানে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। এর মধ্যে নদের দুই পাড়ে দুপচাঁচিয়ার তালোড়া রেলঘুমটি, ফত্নিতলা ও নিয়ামতপুর এবং কাহালুর মদনাই ও কাশিমালা এলাকায় বাঁধে ফাটল ধরেছে। ওই সব এলাকায় অনেকের বসতবাড়ি ভাঙনের হুমকির মুখে পড়েছে।
এলাকার কয়েকজন জানান, কাহালুর বীরকেদার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রুমি উপজেলার মদনাই ও কাশিমালা গ্রামের কাছে বালু তুলছেন। তালোড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম ও তাঁর ভাই আবদুর রাজ্জাক তালোড়া সরঞ্জাবাড়ি গ্রামের ফত্নিতলায় বালু তুলছেন। আর নিয়ামতপুর গ্রামের সেতুর কাছে বালু তুলছেন তালোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন। এ ছাড়া বিএনপির নেতা মুরাদ হোসেন, শফিকুল ইসলাম ও মোনছের আলী, তালোড়া পৌর কাউন্সিলর ইমরান, আওয়ামী লীগের নেতা শাহীন মাহমুদ, শাহীন হুদাসহ কয়েকজন বিভিন্ন স্থানে বালু তুলছেন।
বিভিন্ন গ্রামের ভুক্তভোগী ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নদের বাঁধ ভেঙে গেলে আশপাশের গ্রামে বর্ষা মৌসুমে বন্যা দেখা দেবে। তাই বালু তোলা বন্ধের জন্য প্রশাসনকে মৌখিকভাবে জানানো হলেও কোনো লাভ হয়নি। আমিরুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
বেলাল হোসেন বলেন, ‘আমি জমি কিনে মাটি গর্ত করে বালু তুলছি। সরকারের জায়গা থেকে বালু তুলিনি।’ তালোড়া পৌর কাউন্সিলর ইমরান রিপু বলেন, ‘আমার কাছে বালু তোলার সরকারি কোনো অনুমতি নেই। সবাই বালু তুলছেন, তাই আমিও তুলছি।’
কাহালু, দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, এই তিন উপজেলা থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নদ থেকে বালু তোলার অনুমতি দেওয়া হয়নি।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান বলেন, বালু তোলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায় না।
কাহালুর ইউএনও তাছলিমা খাতুন বলেন, ‘এর আগে অভিযান চালিয়ে বালু তোলা বন্ধ করে দিয়েছি। তবে আমার সীমানায় কোনো বালু তোলা হচ্ছে না। দুপচাঁচিয়ায় উপজেলা সীমানায় বালু তুলতে পারে।’
আদমদীঘির ইউএনও রুহুল আমিন বলেন, খুব শিগগির ওই সব এলাকায় অভিযান চালানো হবে।