বাঁধের ৭৩ মিটার পদ্মায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পূর্ব আলিয়াবাদ এলাকায় শহর রক্ষা বাঁধের (পদ্মার তীর সংরক্ষণ) ৭৩ মিটার জায়গা ধসে পড়েছে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পূর্ব আলিয়াবাদ এলাকায় শহর রক্ষা বাঁধের (পদ্মার তীর সংরক্ষণ) ৭৩ মিটার জায়গা ধসে পড়েছে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

ফরিদপুর শহর রক্ষা বাঁধের ৭৩ মিটার অংশ পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এ ঘটনায় ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের পূর্ব আলীয়াবাদ গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পদ্মা নদীর তীর সংরক্ষণ কাজের (যা শহর রক্ষা বাঁধ হিসেবে পরিচিত) ব্লক ধসে পড়া শুরু করে। ধসে পড়ার দুই ঘণ্টার মধ্যে ৭৩ মিটার অংশের ব্লক ও জিও ব্যাগ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী আলীয়াবাদ গ্রামের বাসিন্দা জুয়েল মোল্লা ও বিমল দাস বলেন, তাঁরা তখন নদীতে গোসল করছিলেন। হঠাৎ ঝুপঝাঁপ শব্দ শুনে চমকে যান। পরে তাঁরা দেখতে পান নদীর বাঁধানো তীরের বোল্ডার ধসে পড়ছে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, পদ্মার তীর সংরক্ষণ বাঁধের ব্লকের ধস অব্যাহত রয়েছে। ওই এলাকায় কিছুদিন আগে নতুন পাকা বাড়ি নির্মাণ করেছেন কৈজুদ্দিন শেখ। তিনি বলেন, ‘আমিসহ এলাকার সকলে এ ধসের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছি। আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল সর্দার বলেন, ভাঙনের স্থানে পানি গভীরতা প্রায় ৩০ মিটার। তাই জরুরি ভিত্তিতে এ ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না গেলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, এ কাজটি ফরিদপুর শহর রক্ষা প্রকল্পের অন্তর্গত। ২০১৩-১৪ অর্থবছরে ওই এলাকায় ২৭৫ মিটার অংশে এ তীর সংরক্ষণ কাজ করেন রাজশাহীর ঠিকাদার আবুল হোসেন। সেই কাজেরই ৭৩ মিটার অংশ ধসে গেছে।
গতকাল ওই এলাকা পরিদর্শন করেছেন পাউবোর নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দীন আহমেদ, উপবিভাগীয় প্রকৌশলী নিখিল চন্দ্র হালদার ও উপসহকারী প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম।
মাইনুদ্দীন আহমেদ বলেন, তীর সংরক্ষণ কাজের সময় নদীর ৫৪ মিটার গভীরে গিয়ে কাজ করা হয়েছিল। কিন্তু নদীভাঙনের ফলে সে গভীরতা ৬৫ মিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় ওই এলাকার বোল্ডারগুলো ধসে পড়েছে। তবে মজুত রাখা বোল্ডার ও জিও ব্যাগ দিয়ে দ্রুত এ ভাঙন রোধের কাজ শুরু করা হবে। এর জন্য ৫০ লাখ টাকার একটি বাজেট করা হয়েছে। তিনি বলেন, বর্ষার কারণে এই সময়ে পূর্ণাঙ্গ মেরামতকাজ করা সম্ভব নয়। তবে যেকোনো মূল্যে ভাঙন ঠেকানোর কাজ করা হবে। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।