বাঁশ ও নিষিদ্ধ জালের বাঁধ দিয়ে নদীতে মাছ শিকার
কক্সবাজারের মহেশখালী চ্যানেলে আড়াআড়িভাবে বাঁশ ও জালের বাঁধ দিয়ে অবাধে মাছ শিকার চলছে। এসব বাঁধে সূক্ষ্ম জাল ব্যবহার করায় প্রতিনিয়ত বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধ্বংস হচ্ছে।উপজেলা মৎস্য কার্যালয় থেকে জানা যায়, মহেশখালী চ্যানেলের গোরকঘাটা, আদিনাথ মন্দিরসংলগ্ন এলাকা, মুদিরছড়া, শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া, জেমঘাট, বদরখালীসংলগ্ন এলাকা, মাতারবাড়ি, ধলঘাটা, সোনাদিয়া, ঘটিভাঙ্গা, তাজিয়াকাটা, বড়দিয়া, ঝাপুয়া, হামিদারদিয়া চরসহ ১০০ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় ৩০০ স্থানে নদীতে অবৈধভাবে আড়াআড়িভাবে বাঁধ দেওয়া হয়েছে। এসব বাঁধে কারেন্ট জাল, চরজালসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার করা হচ্ছে।গত রোববার সকালে সরেজমিনে দেখা গেছে, নদীতে জোয়ার এলে পুঁতে রাখা বাঁশের সঙ্গে নিষিদ্ধ জালগুলো টানিয়ে দেওয়া হয়। ভাটার সময় পানি নিচে নেমে গেলে বাঁধের ভেতর থাকা মাছ শিকারিরা ধরেন।বড়দিয়া এলাকার মৎস্য শিকারি নুরুল আনোয়ার ও কবির হোসেন বলেন, ‘চ্যানেলে বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার করার কোনো নিয়ম নেই। এর পরও অভাবের তাড়নায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছি।’ এভাবে মাছ ধরতে গিয়ে অনেক প্রজাতির মাছের পোনা মারা যাচ্ছে বলে স্বীকার করেন তাঁরা।ছোট মহেশখালী ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মোহামঞ্চদ উল্লাহ ও রমিজ উদ্দিন বলেন, বিভিন্ন প্রজাতির হাজার হাজার মাছের পোনা ধ্বংস করা হচ্ছে। অথচ এসব বন্ধ করার ব্যাপারে কোনো উদ্যোগ নেই। এ কারণে আগামী কয়েক বছরের মধ্যে সাগরে মাছের আকাল দেখা দেবে।কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আহমদ জানান, অচিরেই কোস্টগার্ড ও নৌবাহিনীর সহযোগিতায় বাঁশের বাঁধ দিয়ে বসানো অবৈধ চরজাল, কারেন্ট জাল ও বিহিংগী জাল উদ্ধার করা হবে।বেসরকারি সংস্থা উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রকাশ্যে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার চলছে। এতে দিনে কয়েক লাখ মাছের পোনা ধ্বংস হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, নদীতে আড়াআড়িভাবে বাঁধ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এর পরও মহেশখালী চ্যানেলের চারপাশে নদীতে অবৈধভাবে বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। তিনি আরও বলেন, সম্প্রতি কোস্টগার্ডের সদস্যরা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করেছেন। তাও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরা বন্ধ হয়নি। ভবিষ্যতে পুরো চ্যানেলে অভিযান চালানো হবে বলে জানান তিনি।