বাঁশ-কাঠ দিয়ে প্রাচীর নির্মাণ!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হলের সীমানাপ্রাচীর নির্মাণে লোহার রডের পরিবর্তে বাঁশ ও কাঠ ব্যবহার করা হয়েছে। ঠিকাদার এ কাজের পুরো টাকা এরই মধ্যে উত্তোলন করেছেন বলে জানা গেছে।জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হলের দক্ষিণ দিকের সীমানাপ্রাচীর উঁচু করার জন্য ২০০৭-০৮ অর্থবছরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই লাখ ৩৩ হাজার টাকা বরাদ্দ দেয়। ২০০৯-১০ অর্থবছরে এই কাজের দরপত্র আহ্বান করলে ‘মেসার্স শিউলী ট্রেডার্স’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এক লাখ ২০ হাজার টাকায় এ কাজের অনুমোদন পায়। চলতি বছরের শুরুতে এ কাজ সম্পন্ন হয়।বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, প্রাচীর নির্মাণে লম্বালম্বিভাবে দুটি করে লোহার রড ও ছয় ইঞ্চি পর পর রডের রিং বসানোর কথা ছিল। কিন্তু বাস্তবে তা না করে বাঁশ ও কাঠ দিয়ে প্রাচীর বানানো হয়েছে। প্রাচীরের অনেক জায়গায় শুধু বালু ছাড়া আর কিছুই দেওয়া হয়নি। মেসার্স শিউলী ট্রেডার্সের ঠিকাদার একরাম হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবদুর রহিম জানান, প্রাচীরের একাধিক জায়গায় বাঁশ ও কাঠ পাওয়া গেছে।