বাঁশ চাষে জাপানের বিনিয়োগ প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী পেপার মিলসের (কেপিএম) উৎপাদন বাড়াতে মিল প্রাঙ্গণে আধুনিক প্রযুক্তিতে বাঁশ চাষে বিনিয়োগ প্রস্তাব দিয়েছে জাপান।

আজ সোমবার বাংলাদেশ সফররত জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অ্যাসোসিয়েশন অব আফ্রিকান ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্টের সভাপতি তেতসুরো ইয়ানো শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এই প্রস্তাব দেন। শিল্প মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের শিল্প খাতে জাপানের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

শিল্পমন্ত্রী আমির হোসেন কেপিএম এলাকায় বাঁশ চাষে জাপানি বিনিয়োগের প্রস্তাবকে স্বাগত জানান। একই সঙ্গে মিলের উৎপাদন ক্ষমতা বাড়াতে বিএমআরইসহ একটি সমন্বিত প্রস্তাব দেওয়ার পরামর্শ দেন। বাংলাদেশের স্বার্থের অনুকূলে যেকোনো বিনিয়োগ প্রস্তাব সরকার ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে বলে আমির হোসেন মন্তব্য করেন।

এ ছাড়া আমির হোসেন বাংলাদেশ থেকে অধিক পরিমাণে দক্ষ শ্রমিক আমদানির জন্য তেতসুরো ইয়ানোর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় মন্ত্রী ১৯৯৮ সালে মালয়েশিয়ায় বন্ধ হয়ে যাওয়া জাপানি প্রতিষ্ঠান সনি করপোরেশনের কারখানা বাংলাদেশে চালুর বিষয়টি বিবেচনার জন্য তুলে ধরেন।

বৈঠকে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশে জাপান দূতাবাসের প্রথম সচিব কাওয়াকামি তাকাইউকি, অ্যাঞ্জেলিকা জাপান-বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট এন আহসান উইলফেম প্রমুখ উপস্থিত ছিলেন।