বাঁশ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা বিফলে গেল
সরকারি কোনো উদ্যোগ না দেখে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষজন বাঁশ পুঁতে পদ্মার ভাঙন ঠেকানোর চেষ্টা করেছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। গত দুই সপ্তাহের ভাঙনে এখানে ৬০টির মতো দোকান ও বাড়ি বিলীন হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন করেন, ‘ভাঙতে ভাঙতে যখন গোটা ভাগ্যকুল বাজার ও গ্রাম বিলীন হয়ে যাবে, তখন সরকার থেকে বরাদ্দ এলে লাভ কী?’শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল লতিফ বলেন, ‘আমরা ভাঙনের ক্ষতি নিরূপণ করে প্রতিবেদন পাঠাচ্ছি। কিন্তু সরকার থেকে যদি কোনো বরাদ্দ না আসে, আমার কী করার আছে। আমিও হতাশ।’গত বুধবার ভাঙনকবলিত এলাকায় গিয়ে দেখা যায়, ভাগ্যকুল বাজারের অর্ধেক ভেঙে নদীগর্ভে হারিয়ে গেছে। তীব্র স্রোতের ধাক্কায় নদীর তীরভূমিতে বড় বড় ফাটল সৃষ্টি হয়ে ভেঙে পড়ছে। বাজারের স্থানীয় ব্যবসায়ী শংকর চন্দ্রের চালের দোকানটি বুধবার বিলীন হয়ে যায়। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, দুই সপ্তাহের ভাঙনে এখানে জলিল হাজীর কাপড়ের দোকান, বাবুল খাঁর হার্ডওয়্যারের দোকান, মন্টু সাহার গোডাউন, বাবুল দাসের হার্ডওয়্যারের দোকান, মালেক খাঁর হোটেল, সুকুর ফরাজীর হোটেল, নুরু দেওয়ানের মুদির দোকান, বিপ্লব দাসের মুদির দোকান, নুরু বেপারির চায়ের দোকান, বাজারের তরকারিপট্টি, দুধপট্টি, চালপট্টিসহ ৩০টি দোকান বিলীন হয়ে যায়। এর মধ্যে ভাঙনে ভাগ্যকুলের জমিদারদের তৈরি আটচালা পূজামণ্ডপ বিলীন হয়ে গেছে। এ ছাড়া ইমান্দি শেখ, সাধন বর্মণ, গকুল বর্মণ, তারাপদ, শোভা রানী, ধীরেন্দ্র মাল, রঞ্জন মাল, গোপাল মালের বাড়িসহ প্রায় ৩০টি বসতবাড়ি ভেঙে গেছে।এলাকার বাসিন্দা মজির রহমান বলেন, ‘গত ৪০ বছরে এমন ভাঙন আমরা দেখিনি। নদী এত দিন ধরে ভাঙছে, কিন্তু এটা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগই দেখছি না। বাঁশ দিয়ে এলাকাবাসী ভাঙন ঠেকানোর চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি।’ভাঙনে ক্ষতিগ্রস্ত বিশ্বনাথ দে বলেন, ‘বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে বাড়ি রক্ষার জন্য অনেক টাকা খরচ করেছি। তার পরও বাড়ি রক্ষা করতে পারিনি। সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ ও সহযোগিতার আশ্বাস পাইনি। বসতভিটা হারিয়ে এখন পরিবারের সমস্ত সম্বল, গৃহিণীদের সব অলংকার বিক্রি করে চড়া দামে সামান্য জমি কিনে সেখানে যাওয়ার চেষ্টা করছি।’