বাঁশ-সংকটে কর্ণফুলী কাগজ কলে উৎপাদন অর্ধেক
প্রধান কাঁচামাল বাঁশের অভাবে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী কাগজকলের (কেপিএম) উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এ অবস্থায় নির্বাচন কমিশন ও জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চাহিদা অনুযায়ী কাগজ সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে।কেপিএম সূত্রে জানা গেছে, আগে কেপিএম প্রতিদিন ১০০ টন কাগজ উৎপাদন করলেও ১৫ দিন ধরে তা ৫০ টনের নিচে নেমে এসেছে। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহিরুল হক বাঁশ-সংকটের কারণে উৎপাদন কমে যাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে জানান, ইতিমধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এবং আগামী বছর নতুন পাঠ্যপুস্তক ছাপাতে এনসিটিবি আগামী ডিসেম্বরের মধ্যে কেপিএম থেকে পাঁচ হাজার ৮০০ টন কাগজের চাহিদা দিয়েছে। এই চাহিদা মেটাতে হলে কেপিএমের ১৫ থেকে ২০ হাজার টন বাঁশ প্রয়োজন। কিন্তু বর্তমানে কেপিএম বাঁশ কেন্দ্রে কোনো বাঁশ নেই। তাই নির্বাচন কমিশন ও এনসিটিবির চাহিদা অনুযায়ী কাগজ সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে।এমডি জহিরুল হক বলেন, জাতীয় স্বার্থে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রাঙামাটি থেকে সড়ক ও নৌপথে জেলার বাইরে সর্বপ্রকার বাঁশ পরিবহন নিষিদ্ধ করেছেন রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন পয়েন্টে বাঁশ পাচার হচ্ছে। ফলে কেপিএম বাঁশ পাচ্ছে না।রাঙামাটির জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী জানান, গত ২২ সেপ্টেম্বর থেকে জেলার বাইরে বাঁশ পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, বন বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। জাতীয় স্বার্থে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেপিএমের কাপ্তাই বাঁশ কেন্দ্রের কর্মকর্তা শেখ আহমদ চৌধুরী বলেন, কাগজ উৎপাদনের জন্য কেপিএমের কাপ্তাই চিপারে (বাঁশ গুঁড়ো করার যন্ত্র) প্রতিদিন প্রায় ৫০০ টন বাঁশ গুঁড়ো করা হয়। কিন্তু বর্তমানে মজুদ না থাকায় বাঁশ গুঁড়ো করা যাচ্ছে না।কেপিএমের বাঁশ সংগ্রহ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মানিক আলোয় বড়ুয়া বলেন, কাগজ উৎপাদনের জন্য কেপিএম মুলি, মিতিঙ্গা, ওড়া, ডলু ইত্যাদি জাতের বাঁশ ব্যবহার করে থাকে। জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী রাঙামাটি থেকে এ-জাতীয় কোনো বাঁশ চট্টগ্রাম, ঢাকাসহ দেশের কোনো স্থানে পরিবহন হওয়ার কথা নয়। বাঁশ যাতে পাচার হতে না পারে, সে জন্য সড়ক ও নৌপথের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু পুলিশকে ম্যানেজ করে একশ্রেণীর ব্যবসায়ী বিভিন্ন পয়েন্টে নিয়মিত বাঁশ পাচার করছেন। যে কারণে কেপিএম বাঁশ পাচ্ছে না। তিনি এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।এ ব্যাপারে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সরকার বলেন, জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী কোনো ধরনের বাঁশ জেলার বাইরে পরিবহন নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে যদি কেউ বাঁশ পাচারে সহযোগিতা করে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় পুলিশ কেপিএমকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত।