বাঁশখালী উপজেলা কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শনিবার সন্ধ্যা ছয়টার মধ্যে বিদ্যুৎ প্রকল্প বাতিল করা না হলে পরদিন সকালে কাফনের কাপড় পরে উপজেলা প্রশাসন কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বাঁশখালীর গণ্ডামারার বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলী। প্রকল্প বাতিলের প্রতিবাদ সমাবেশে পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষে নিহত চারজনের স্মরণে আজ শুক্রবার বিকেলে আয়োজিত শোকসভায় এ ঘোষণা দেন তিনি। 

শোকসভায় সভাপতিত্ব করেন নিহত মর্তুজার বড় ভাই বদি আহমেদ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের হাদিরপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোকসভায় লিয়াকত আলী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই, এটি কোনো দলের আন্দোলন নয়। মানুষের আন্দোলন। আপনি চিন্তা করুন। ওই দিন চারটি লাশ ফেলেছে পুলিশ। বল এখনো মিডফিল্ডে, বল অন্য কোনো রাজনৈতিক দলের কাছে যাওয়ার আগে আমাদের সমস্যা সমাধান করুন। এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়। জনগণের অধিকার আদায়ের আন্দোলন।’
লিয়াকত আলী বলেন, কোনো অবস্থাতেই বাঁশখালীর গণ্ডামারায় কয়লাবিদ্যুৎ প্রকল্প করতে দেওয়া হবে না।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী। তিনি শক্তিশালী কমিটি গঠন করে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।