বাঁশখালী উপজেলা চেয়ারম্যান রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালী উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরীর এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। গতকাল রোববার বাঁশখালী বিচারিক হাকিম আদালতে শুনানি শেষে রিমান্ড মঞ্জুরের আদেশ দেওয়া হয়। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর বাঁশখালীতে সহিংসতার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে তিনি গ্রেপ্তার হন। গতকাল শুনানি চলাকালে কয়েক হাজার দলীয় নেতা-কর্মী আদালত প্রাঙ্গণে অবস্থান নেন। গ্রেপ্তার আলমগীর কবির উপজেলা বিএনপির সভাপতি। আদালতে তাঁর পক্ষে জামিন চাওয়া হলে তা নামঞ্জুর হয়।এদিকে উপজেলা চেয়ারম্যানসহ দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সকালে উপজেলা সদর এলাকায় সমাবেশ করে বাঁশখালী উপজেলা বিএনপি। সমাবেশে সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না। বাঁশখালীতে আমাদের নেতা-কর্মীরা কোনো বিশৃঙ্খলা করেনি। কিন্তু উপজেলা চেয়ারম্যানকে মিথ্যা মামলায় জড়িয়ে আটক করা হয়েছে। আমরা তাঁর নিঃশর্ত মুক্তি চাই।’সমাবেশের আগে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি থানা এলাকা অতিক্রম করার সময় ছাত্রলীগের কর্মীরা ঢিল ছোড়েন। এরপর বিএনপি আরেকটি মিছিল ঘটনাস্থলে এসে ছাত্রলীগের কর্মীদের ধাওয়া করে। এ সময় ছাত্রলীগের তিন কর্মী সামান্য আহত হন।