বাঁশখালী এখন শান্ত
গুলিতে চার ব্যক্তির নিহত হওয়ার পর থেকে বিক্ষোভ চলছিল চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা ইউনিয়নে। তবে শনিবার আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেওয়ার পর থেকে গণ্ডামারা শান্ত।
এদিকে গতকাল রোববার উপজেলা চত্বরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।
গত শনিবার সরকারের পক্ষ থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক নেতা আন্দোলনরত এলাকাবাসীর প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা করেন। এরপর গণ্ডামারার বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলী আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন।
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকেন। এ নিয়ে সংঘর্ষে চারজন নিহত হন। সেদিন থেকে এলাকাবাসী প্রকল্পটি বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন।
পশ্চিম গণ্ডামারার সৈয়দুল আলম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আন্দোলন স্থগিতের ঘোষণার পর সবাই যাঁর যাঁর কাজে ফিরে গেছেন। এলাকার পরিস্থিতি এখন শান্ত। তিনি বলেন, ১৫ দিনের মধ্যে বিশেষজ্ঞদের এনে এলাকাবাসীকে বোঝাতে হবে প্রকল্পটি হলে ক্ষতি হবে কি না। এরপর তাঁরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, গণ্ডামারার পরিস্থিতি বর্তমানে শান্ত।
এদিকে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সোমবার দুপুরে তিনি উপজেলা চত্বরে এলাকার হাজার হাজার লোকের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় এলাকার কেউ বিদ্যুৎ প্রকল্পটি বাতিলের দাবি জানাননি। তাঁরা সবাই উন্নয়নের পক্ষে। তারপরও লোকজনকে গুজবে কান দিতে বারণ করা হয়েছে।