বাঁশখালী থানার দুই কর্মকর্তাকে বদলি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর তাণ্ডবের ঘটনার প্রায় ১৫ দিন পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুরকে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানোর আদেশ দেওয়া হয়।একই সঙ্গে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহানকেও প্রত্যাহার করে শিল্প পুলিশে বদলি করা হয়েছে। ওসি আবদুস সবুর ঘটনার সময় তাঁর বাহিনী নিয়ে থানার অভ্যন্তরে অবস্থান করছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁরা হামলাকারীদের প্রতিরোধে কোনো চেষ্টা করেনি বলে ক্ষতিগ্রস্ত দোকানি ও বাসিন্দাদের অভিযোগ। এ ছাড়া ঘটনার পর মামলা নিয়ে নানা রকম হয়রানির অভিযোগ ছিল আবদুস সবুর ও থানা প্রশাসনের বিরুদ্ধে। এসব কারণে বাঁশখালী থানার শীর্ষ এই দুই কর্মকর্তাকে বদলি করা হয় বলে জানা গেছে। জেলা পুলিশ সুপার মো. হাফিজ আক্তার এই দুই পুলিশ কর্মকর্তাকে বাঁশখালী থেকে সরিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন।