বাঁশখালী প্রকল্পের প্রতি সরকারের সমর্থন আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীর কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের প্রতি সরকারের সমর্থন আছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। গতকাল রোববার বিকেলে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাঁশখালীতে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র নির্মাণে কোনো সমস্যা নেই। এই প্রকল্পের প্রতি আমাদের সমর্থন আছে।’
সেখানে গুলিতে চারজনের প্রাণহানির ঘটনা উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটা দুঃখজনক। তদন্তে এর কারণ বেরিয়ে আসবে। দায়ী ব্যক্তিরা শাস্তি পাবেন। উপকূলীয় ওই এলাকার জমি অনুর্বর। জনবসতি কম। কয়লা আমদানির জন্যও জায়গাটি উপযুক্ত। সরকার যে বিদ্যুৎ প্রকল্পগুলো গ্রহণ করেছে, পরিবেশ ও জনস্বার্থ সংরক্ষণ করেই সেগুলো বাস্তবায়ন করা হবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম বলেন, প্রতিটি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের স্থান নির্ধারণের আগে সম্ভাব্যতা যাচাই, সামাজিক প্রভাব ও পরিবেশগত প্রভাব নিরূপণ করা হয়। ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা রাখা হয়। স্থানীয় জনগণের কল্যাণে ব্যয় করার জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম থেকে তিন পয়সা করে রাখার বিধান করা হয়েছে। এরপরও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে অব্যাহতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা বাঞ্ছিত নয়।
বিদ্যুৎসচিব বলেন, প্রতিটি বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন করছে ‘এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি (ইসিএ)’। তারা পরিবেশ ও জনস্বার্থ সংরক্ষণের খুঁটিনাটি পরীক্ষা না করে অর্থায়ন করে না। প্রকল্পগুলো যথাযথ মানসম্পন্ন না হলে অর্থ পাওয়া যাবে না। ফলে প্রকল্পগুলোর বাস্তবায়ন অসম্ভব হবে।
প্রকল্পটি পরিবেশ ছাড়পত্র পেয়েছে কি না—এ প্রশ্নের জবাবে বিদ্যুৎসচিব বলেন, ছাড়পত্রের জন্য সমীক্ষা সম্পন্ন হয়েছে। শিগগিরই অনুমোদন দেওয়া হবে।
অনুষ্ঠানে ‘আলট্রা সুপার ক্রিটিক্যাল’ প্রযুক্তির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ওপর একটি ভিডিওচিত্র দেখানো হয়। এতে কয়লা আনা-নেওয়া থেকে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় কীভাবে বিভিন্ন গ্যাস ও ছাই নিয়ন্ত্রণ করা হয় তা দেখানো হয়।