বাঁশখালী বিদ্যুৎ প্রকল্প বাতিল আন্দোলন ১৫ দিন স্থগিত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে করা আন্দোলন ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলী এলাকাবাসীর সম্মতি নিয়ে এ ঘোষণা দেন।
এ দিকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিএনপির নেতারা।
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। গত সোমবার গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকেন। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই ভাইসহ চারজন নিহত হন। এ ঘটনায় বাঁশখালী থানায় পৃথক তিনটি মামলা হয়। এসব মামলায় বিদ্যুৎকেন্দ্রবিরোধী বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলীসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এ ব্যাপারে বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক লিয়াকত আলী আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির সরকারের পক্ষ থেকে ১৫ দিন সময় চেয়েছেন। তাকে শর্ত দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে দেশি-বিদেশি পরিবেশ বিজ্ঞানী প্রকল্পের স্থানটি পরিদর্শন করে পরিবেশ সম্মত কি না, তার একটি প্রতিবেদন দেবেন। জন সম্মুখে ওই প্রতিবেদনটি প্রকাশ করতে হবে। প্রকল্পটি এলাকাবাসীর জন্য ক্ষতিকর হলে কোনো অবস্থাতেই তা করা যাবে না। গ্রেপ্তার নিরীহ লোককে মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও লোকজনের অবাধের চলাফেরার স্বাধীনতা এবং ওই ১৫ দিন বিদ্যুৎ প্রকল্পের কাজও বন্ধ থাকবে। এসব শর্ত মেনে নেওয়ায় আন্দোলনও ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে। কালকের (শনিবার) কাফনের কাপড় পরে ইউএনও কার্যালয় ঘেরাও কর্মসূচিও পালিত হবে না।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ কবির প্রথম আলোকে বলেন, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লিয়াকতের কাছে ১৫ দিন সময় চাওয়া হয়। এ সময়ের মধ্যে প্রকল্পটি পরিবেশ সম্মত কি না পরিবেশ বিজ্ঞানীদের এনে যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাইয়ের পর তা এলাকার লোকজনকে জানানো হবে। লিয়াকতসহ এলাকার লোকজন এই প্রস্তাবে রাজি হয়েছেন।
বিষয়টি জানেন কি না জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, লিয়াকতের সঙ্গে আমার কথা হয়েছে। তারা ১৫ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন।
গুলিতে নিহত মতুর্জা আলীর বড় ছেলে মো. মানিক বলেন, ১৫ দিনের জন্য আন্দোলন স্থগিত হয়েছে। প্রকল্পের ব্যাপারে ১৫ দিন পর সিদ্ধান্ত হবে। জনগণের ক্ষতি না হলেই হয়। পাশাপাশি বাবা ও চাচা হত্যারও বিচার চাই। তারা আর ফিরে আসবে না।
বিচার বিভাগীয় তদন্তের দাবি
এ দিকে আজ গণ্ডামারা ইউনিয়ন পরিদর্শন করে চট্টগ্রাম বিএনপির নেতৃবৃন্দ ও ‘বাঁশখালী আইনজীবী কল্যাণ পরিষদের’ নেতৃবৃন্দ। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের কাছে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তারা।
নিহতের পরিবারকে সমবেদনা জানিয়ে গুলি করে মানুষ হত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বাঁশখালীর সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ। তারা নিহতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কবর জিয়ারত করেন। দলের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
একইদিন চট্টগ্রামে কর্মরত বাঁশখালীর আইনজীবীদের সংগঠন ‘বাঁশখালী আইনজীবী কল্যাণ পরিষদের’ ব্যানারে ৩০ সদস্যের আইনজীবীদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, বাঁশখালী আইনজীবী কল্যাণ পরিষদের সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, আবুল কাশেম চৌধুরী, জাকির উল্লাহ, ইফতেখার মহসিন প্রমুখ।
এলাকা পরিদর্শন শেষে সভাপতি কফিল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানানো হবে। কেউ প্রতিবাদ করলে পুলিশ গুলি চালাতে পারে না।
চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন
এদিকে গণ্ডামারা এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পটি বাতিলের দাবিতে আজ বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে পরিবেশবাদী সংগঠন ইকো ফ্রেন্ডসসহ কয়েকটি সামাজিক সংগঠন। পরিবেশবিদ ইদ্রিস আলীর সভাপতিত্বে মানববন্ধন শেষে বক্তব্য দেন ইকো ফ্রেন্ডস’র সাধারণ সম্পাদক নোমান উল্লাহ, সুজন চট্টগ্রামের সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী, সাংবাদিক চৌধুরী ফরিদ, মুজিবুর রহমান প্রমুখ।