বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক না থাকায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি প্রসূতি সেবা কেন্দ্রে দুই মাস ধরে অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে এখানে এসে চিকিৎসাসেবা না পেয়ে প্রসূতি মায়েরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। অনেকে অতিরিক্ত টাকা খরচ করে চট্টগ্রামে গিয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন।বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। ২০০২ সালের ৯ ফেব্রুয়ারি এখানে জরুরি প্রসূতিসেবা (ইওসি) কার্যক্রম চালু করা হয়। তারপর প্রতি মাসে ২৫-২৬ জন প্রসূতির চিকিৎসাসেবা দেওয়া হতো এবং কমপক্ষে সাত-আটজন প্রসূতির অস্ত্রোপচার করা হতো। এ কেন্দ্রের স্ত্রীরোগ বিশেষজ্ঞ শাহনাজ বেগম ও অ্যানেসথেটিস্ট আক্তারুল ইসলাম গত জুন মাসের দ্বিতীয় সপ্তাহে অন্য জায়গায় বদলি হন এবং আরেকজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ সিক্তা দাশ ছয় মাস ধরে চট্টগ্রাম সদর হাসপাতালে প্রেষণে আছেন।১৬ জুলাই বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসেন রোকেয়া বেগম। কিন্তু এ কেন্দ্রে অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ থাকায় তাঁর স্বামী আবুল কালাম তাঁকে চট্টগ্রামে নিয়ে যান। তিনি বলেন, প্রসববেদনা বৃদ্ধি পেলে তিনি তাঁর স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় অপারেশন কার্যক্রম বন্ধ থাকায় কর্তব্যরত চিকিৎসক তাঁর স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের ইওসিতে কর্তব্যরত সেবিকা নাহিদা বেগম বলেন, প্রতিদিন এখানে কিছুসংখ্যক প্রসূতির স্বাভাবিক ডেলিভারি করানো হয়। গত বুধবারও দুজন প্রসূতির স্বাভাবিকভাবে ডেলিভারি করানো হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পারেসুল আলম বলেন, প্রসূতি কেন্দ্রের অ্যানেসথেসিয়া চিকিৎসক গত জুন মাসে অন্য জায়গায় বদলি হয়েছেন। আরেকজন অ্যানেসথেসিয়া চিকিৎসক প্রশিক্ষণে আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অপারেশন কার্যক্রম চালুর জন্য নতুন চিকিৎসক চাওয়া হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ‘প্রসূতি মায়েদের উন্নত চিকিৎসার জন্য জরুরিভাবে চিকিৎসকের শূন্যপদগুলো পূরণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।’