বাঁশখালী হত্যার এক যুগ আজ
চট্টগ্রামের বাঁশখালীতে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যার এক যুগ পূর্ণ হলো আজ বুধবার। এই হত্যাকাণ্ডের মামলার বিচারকাজ শেষ হয়নি এখনো।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের তেজেন্দ্র লাল শীলের বাড়িতে একই পরিবারের পাঁচ শিশুসহ ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়।
মামলার বাদী বিমল শীল প্রথম আলোকে বলেন, ‘১২ বছর ধরে থানা ও আদালতের বারান্দায় ঘুরছি। মাননীয় প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গেও দেখা করেছি। এখন কার কাছে যাব?’ বিমল শীলের অভিযোগ, মামলার প্রধান আসামি আমিনুর রহমান চেয়ারম্যানের ভয়ে অনেক সাক্ষী সাক্ষ্য দিতে আসছেন না।
তবে আমিনুর রহমান বলেন, ‘আমি কোনো সাক্ষীকে ভয়ভীতি দেখাইনি। আমার ভয়ে কেউ সাক্ষ্য দিচ্ছেন না, এটাও সত্য নয়।’
চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম বলেন, ‘বিচারক-সংকট এবং ধার্য দিনে সাক্ষী হাজির করতে না পারাসহ নানা কারণে আলোচিত এই মামলার বিচারকাজ শেষ হচ্ছে না।’ তিনি বলেন, ১৭ মাস ধরে ধার্য দিনে একজন সাক্ষীকেও হাজির করতে পারেনি পুলিশ।
জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আগামী ধার্য দিনে অবশ্যই সাক্ষীদের আদালতে হাজির করা হবে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৪ নভেম্বর তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। মামলার ৩৮ আসামির মধ্যে ২২ জনই পলাতক। জামিনে আছেন ১৩ জন। কারাগারে আছেন তিন আসামি।