বাঁশখালীতে অপহরণের পর তরুণীকে গলা কেটে হত্যা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে এক তরুণীকে অপহরণের পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার সন্ধ্যায় সাধনপুরের পার্শ্ববর্তী পাহাড় থেকে পুলিশ পম্পি দেব (৩০) নামের ওই তরুণীর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। গত ১৪ মে নিজ বাড়ি থেকে তাঁকে অপহরণ করা হয়েছিল। প্রতিবেশী শংকর দের সঙ্গে সীমানাসংক্রান্ত বিরোধের জের ধরে পম্পিকে হত্যা করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। শংকর পলাতক রয়েছেন। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান খান প্রথম আলোকে বলেন, ‘তাঁদের সঙ্গে বিরোধ ছিল। এ-সংক্রান্ত মামলাও চলছে। এখন কী কারণে মেয়েটি খুন হলো, তা আমরা খতিয়ে দেখছি।’ নিহত পম্পি বাঁশখালীর উত্তর সাধনপুরের মাস্টারপাড়ার পরিমল দেবের মেয়ে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ মে দুপুরে পম্পিকে অপহরণ করা হয়। এরপর নানা জায়গায় তাঁর খোঁজ করা হয়। পরে ১৭ মে বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন পম্পির বাবা। পরে গত রোববার সন্ধ্যায় স্থানীয় লোকজন পাহাড়ে পম্পির লাশ দেখে পুলিশে খবর দেয়। জানা গেছে, পম্পির গলার সামনের অংশে ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন রয়েছে। পম্পির বড় ভাই প্রদীপ দেব অভিযোগ করে বলেন, ‘সীমানাসংক্রান্ত বিষয়ে পার্শ্ববর্তী শংকর দে ও তাঁর ভাইদের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছে। এর আগে ডিসেম্বরে আমার বোন ও মায়ের ওপর তারা হামলা করেছিল। ওই ঘটনায় পম্পি বাদী হয়ে মামলা করে। মামলাটির অভিযোগ গঠনের তারিখ ছিল ২৯ মে। ওই কারণে শংকর ও সহযোগীরা আমার বোনকে হত্যা করেছে।’ জানা গেছে, মামলাটির অভিযোগপত্রে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে গতকাল রাতে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।