বাঁশখালীতে আ.লীগ সমর্থক দুই প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ১০
চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগের সমর্থক দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গন্ডমারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ পাওয়ার পর চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল হক চৌধুরী সমর্থকদের নিয়ে মিছিল করে যাওয়ার সময় বাংলাবাজার এলাকায় নুরুল হক সিকদারের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার হাসনাত তারেক প্রথম আলোকে জানান, ‘বিষয়টি জেনে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’জানা গেছে, সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের সমর্থকেরা চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ারুল হকের জামাকাপড় টেনে ছিঁড়ে ফেলেন। এ সময় উভয় পক্ষের ১০ জন সমর্থক আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আনোয়ারুল হক অভিযোগ করেন, নুরুল হক বিনা উসকানিতে এ হামলা চালিয়েছেন। তবে নুরুল হক দাবি করেন, আনোয়ারুল হকের মিছিল থেকে উসকানিমূলক স্লোগান দেওয়া হচ্ছিল। এ কারণে সংঘর্ষের সূত্রপাত হয়।বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।