বাঁশখালীতে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ
চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে সম্প্রতি নিহত জেলে পরিবারের সদস্যদের মধ্যে টাকা বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
সাবেক সাংসদ সুলতানুল কবির চৌধুরী ও আওয়ামী লীগের নেতা আবদুল্লাহ কবিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কোনো পদে না থাকলেও আবদুল্লাহ কবির আগামী সংসদ নির্বাচনে বাঁশখালীতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবদুল্লাহ কবির বক্তৃতা দিতে উঠলে সুলতানুল কবির চৌধুরীর সমর্থকেরা দুয়োধ্বনি দেন। এ সময় দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের ১৫টি গুলি ছোড়ে বলে জানা গেছে। সংঘর্ষের পর সভাটি পণ্ড হয়ে যায়। এ সময় দুই পক্ষ ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি চেয়ার ছোড়াছুড়ি করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ জন্য কয়েকটি গুলি ছোড়া হয়েছে।’
গতকাল জেলা প্রশাসক আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ মোশারফ হোসেন। এ ছাড়া সাংসদ সাইফুজ্জামান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
মার্চ মাসে বঙ্গোপসাগরে জলদস্যুদের হাতে নিহত বাঁশখালীর শেখেরখিলের ২০ জেলে পরিবারে প্রধানমন্ত্রীর অর্থ সাহায্য দেওয়ার জন্য অনুষ্ঠানটির আয়োজন করা হয়।