বাঁশখালীতে আ.লীগের দুই পক্ষের মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধের জের ধরে চট্টগ্রামের বাঁশখালী থানাধীন জলদি পৌর সদর এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। গতকাল সোমবার বিকেলে সংঘর্ষ বাধলে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে পৌর সদর এলাকায় এক পক্ষের সভা চলাকালে অন্য পক্ষের অনুসারীরা মিছিল নিয়ে সভাস্থলের কাছাকাছি এলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় দুই পক্ষের নেতা-কর্মীরা লাঠি নিয়ে পরস্পরকে ধাওয়া করেন। পুলিশ সূত্র জানায়, বিকেল চারটার দিকে পৌর সদর এলাকায় দক্ষিণ জেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল মালেকের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সভার আয়োজন করা হয়। এই সভার আয়োজন করেন বাঁশখালীর সাবেক সাংসদ সুলতানুল কবির চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলমের অনুসারীরা। বিকেল সাড়ে চারটার দিকে পৌর সদরে মিছিল বের করেন আরেক আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির চৌধুরীর অনুসারীরা। মিছিলটি সভা অতিক্রমের সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এরপর লাঠিসোঁঠা নিয়ে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। পরে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর সবুর প্রথম আলোকে জানান, মিছিল সভার কাছাকাছি চলে এলে উত্তেজনা দেখা দেয়। লাঠিসোঁঠা নিয়ে কয়েকজন মারামারিতে লিপ্ত হয়। পরে লাঠিপেটা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে।