বাঁশখালীতে আইনজীবীকে কুপিয়ে হত্যা
জায়গাজমি ও পারিবারিক শত্রুতার জের ধরে গত বুধবার রাত প্রায় ১১টায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে শাহ আলম (৫৭) নামের এক আইনজীবীকে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শাহ আলম এলাকার শের আহমঞ্চদ মুন্সির ছেলে এবং চট্টগ্রাম জেলা জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তাঁর দুই স্ত্রী রয়েছে। শাহ আলমের দ্বিতীয় স্ত্রী নায়েম আক্তার রোমানা বলেন, ‘আইনজীবী শাহ আলম স্থানীয় ইলশা বাজার থেকে রাতে বাড়িতে ঢোকার সময় বাড়ির উঠানে ওত পেতে থাকা কতিপয় সন্ত্রাসী তাঁর শরীরে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায়। এ সময় মৃত্যু নিশ্চিত হলে সন্ত্রাসীরা একটি ফাঁকা গুলি ছুড়ে এলাকা ত্যাগ করে। জায়গাজমি নিয়ে বিরোধের জের ধরে শাহ আলমকে হত্যা করা হয়েছে। আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’ ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই আল আমিন সরোয়ার বলেন, আইনজীবী মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে।