বাঁশখালীতে ইউএনও নির্বাচন কর্মকর্তার মধ্যে বাগ্বিতণ্ডা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁশখালীতে পৌরসভা নির্বাচনের ব্যালট পেপার সংরক্ষণ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তার বাগ্বিতণ্ডা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় সাংসদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বাঁশখালী পৌর নির্বাচনের ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পড়ে ছিল। সেই ব্যালট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণের জন্য ইউএনও শামসুজ্জামান তাগাদা দিয়ে আসছিলেন। কিন্তু লিখিত কাগজপত্র ছাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা তা গ্রহণ করতে রাজি হচ্ছিলেন না। এ কারণে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন ইউএনও। রিটার্নিং কর্মকর্তা হিসেবে এই ব্যালট সংরক্ষণের দায়িত্ব তাঁর। লিখিত কাগজপত্র ছাড়া এই ব্যালট পেপার আমি কেন গ্রহণ করব? কেউ যদি এই নির্বাচন নিয়ে আদালতে যায়, তখন ব্যালট পেপারগুলো মুখ্য হয়ে দাঁড়াবে। ওই সময় দায় নেবেন কে?’
জাহিদুল ইসলাম আরও বলেন, ‘আমি এসব ব্যালট গ্রহণ করছিলাম না বলে আমার অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারীর হাত ধরে ইউএনও সাহেব টানাটানি করছিলেন, যাতে ওই কর্মচারী আমার কার্যালয়ের ভেতরে ব্যালট পেপার রাখে। পরে অবশ্য এমপি মহোদয়ের নির্দেশে আমি সেই ব্যালট পেপার নিজের জিম্মায় নিয়েছি।’
তবে ইউএনও শামসুজ্জামান সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। সব বিষয় নিয়ে কথা বলাও ঠিক হবে না।’
এ বিষয়ে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ছোট একটি বিষয় নিয়ে দুজন সরকারি কর্মকর্তা মধ্যে বিবাদ হয়েছে। এটা আসলে ব্যক্তিত্বের দ্বন্দ্ব। পরে আমি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বস্তাভর্তি ব্যালট পেপার তাঁর জিম্মায় রাখার পরামর্শ দিয়েছি। ঘটনাটি মিটমাট হয়ে গেছে।’